ডিসেম্বরে পদ্মা সেতুর পাইলিং শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদ্মা সেতু প্রকল্প এলাকায় গিয়ে সরকারের ৫৮ জন সচিব ওই সেতুর নির্মাণকাজের অগ্রগতি ঘুরে দেখলেন। এ উপলক্ষে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়ায় প্রকল্প এলাকায় গতকাল শনিবার সচিব সভা অনুষ্ঠিত হয়।
সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের বলেন, আগামী ডিসেম্বরের শেষের দিকে পদ্মা সেতুর মূল পাইলিংয়ের কাজ শুরু হবে।
গতকাল পদ্মা সেতু প্রকল্পের সার্ভিস এরিয়া-১-এ মন্ত্রিপরিষদ সচিবের সভাপতিত্বে সচিব সভা অনুষ্ঠিত হয়। বিদেশে থাকায় দুজন সচিব ওই সভায় উপস্থিত ছিলেন না। জানতে চাইলে স্থানীয় সরকারসচিব আবদুল মালেক প্রথম আলোকে বলেন, পদ্মা সেতু যে কত বড় কর্মযজ্ঞ, তা সরেজমিনে না দেখলে ধারণা করা যাবে না। কাজের গতি দেখে সচিবেরা আশাবাদী যে নির্দিষ্ট সময়ের আগেই এ সেতুর নির্মাণকাজ শেষ হবে।
স্থানীয় সরকারসচিব জানান, এই সেতু নির্মাণকাজে প্রত্যেক সচিব নিজ নিজ মন্ত্রণালয়ের পক্ষ থেকে সহায়তার কথা বলেছেন। এ ছাড়া সেতু নির্মাণের পর এর সুফল, বিশেষ করে সড়ক যোগাযোগ, পর্যটন, স্বাস্থ্য, শিক্ষা, রেল যোগাযোগসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
একাধিক সচিব জানান, সচিবালয়ের বাইরে এটাই প্রথম সচিব সভা। এ সময় সচিবেরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন। এর মধ্যে ছিল মন্ত্রণালয়গুলোর শূন্য পদ পূরণ করা, সিটিজেন চার্টার বাস্তবায়ন করা, উন্নয়ন প্রকল্পগুলো নিয়মিত পরিদর্শনসহ বিভিন্ন বিষয়।
সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব উপস্থিত সাংবাদিকদের বলেন, পদ্মা সেতুর কার্যক্রম ও অগ্রগতি নিয়েই মূলত এই সভা করা হয়েছে। সভায় পদ্মার সেতুর কাজ দ্রুততার সঙ্গে ও নির্দিষ্ট সময়ে কীভাবে শেষ করা যায়, সে বিষয়ে আলোচনা হয়েছে। পরিবেশ ও পরিস্থিতি স্বাভাবিক ও অনুকূলে থাকলে নির্ধারিত সময়ের আগেই পদ্মা সেতুর কাজ সম্পন্ন করা সম্ভব বলেও জানান তিনি। সরকার ২০১৮ সালের মধ্যে সেতুর নির্মাণের ঘোষণা দিয়েছে।
এর আগে সভার শুরুতে পদ্মা সেতু প্রকল্পের পরিচালক শফিকুর রহমান প্রকল্পের অগ্রগতি তুলে ধরেন। পরে ১৫-২০ মিনিটের মতো মুক্ত আলোচনা শেষে মূল আলোচনা শুরু হয়।
সভা শেষে বেলা একটায় সচিবেরা পদ্মা সেতুর প্রকল্প এলাকায় নির্মাণকাজ ঘুরে দেখেন। বিকেলে তাঁরা ঢাকায় ফেরেন। এর আগে সচিবেরা ঢাকা থেকে রওনা হয়ে সকাল ১০টার দিকে প্রকল্প এলাকায় উপস্থিত হন। এঁদের মধ্যে ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবুল কালাম আজাদ, সেতুসচিব খন্দকার আনোয়ারুল ইসলাম প্রমুখ।
মন্ত্রিপরিষদ সচিব প্রথম আলোকে বলেন, এটাও অন্য সচিব সভার মতোই। বৈশিষ্ট্য হলো ঢাকার বাইরে হয়েছে। এর আগে সেতুসচিব বলেছিলেন, এই প্রকল্পের অগ্রগতি সব সচিবের দেখা দরকার। তখন এই সভা করার পরিকল্পনা আসে।