দেশের প্রথম কৃত্রিম উপগ্রহ ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট-১’ উৎক্ষেপণ করা হবে আগামী ডিসেম্বরের প্রথম অথবা শেষ সপ্তাহে। আর পরের বছরের জুন থেকে এর বাণিজ্যিক কার্যক্রম শুরু হবে।
গতকাল সোমবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। তবে উৎক্ষেপণের বিষয়টি আবহাওয়ার ওপর নির্ভর করছে জানিয়ে তিনি বলেন, কোনো রকম সমস্যা হলে হয়তো জানুয়ারির প্রথম সপ্তাহে যেতে পারে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই উৎক্ষেপণ অনুষ্ঠানের সঙ্গে যুক্ত হবেন বলে জানান তারানা হালিম। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে এটি উৎক্ষেপণ করা হবে। ফ্রান্সে স্যাটেলাইটটি তৈরি হচ্ছে।
কয়েক দিন আগে ফ্রান্সে স্যাটেলাইট তৈরির কাজ দেখে আসার অভিজ্ঞতা তুলে ধরে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী বলেন, ইতিমধ্যে এটি তৈরি হয়ে গেছে। উৎক্ষেপণের আগে কয়েকটি পরীক্ষা করা হবে। কাজ পিছিয়ে নেই। সবকিছু সময়মতো হচ্ছে। স্যাটেলাইট পরিচালনার জন্য একটি আইন প্রণয়ন করা হচ্ছে বলে জানান প্রতিমন্ত্রী।
সফলভাবে এই উপগ্রহ মহাকাশে গেলে বিশ্বের ৫৭তম দেশ হিসেবে নিজস্ব স্যাটেলাইটের মালিক হবে বাংলাদেশ। মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইটের অবস্থান হবে ১১৯ দশমিক ১ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে। এই কক্ষপথ থেকে বাংলাদেশ ছাড়াও সার্কভুক্ত সব দেশ, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, মিয়ানমার, তাজিকিস্তান, কিরগিজস্তান, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান ও কাজাখস্তানের কিছু অংশ বঙ্গবন্ধু স্যাটেলাইটের আওতায় আসবে। তবে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে এই স্যাটেলাইট দিয়ে সেবা দেওয়া সম্ভব হবে না বলে জানা গেছে।