ডিসেম্বরে বিচ্ছিন্ন ৩২ হাজার ৪২৯টি বিদ্যুৎ-সংযোগ
সরকার বিদ্যুতের অবৈধ ব্যবহার রোধ ও বকেয়া বিল আদায়ে বিশেষ উদ্যোগ নিয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সব বিতরণ কোম্পানিকে নির্দেশনা দিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগ। ওই নির্দেশনা অনুযায়ী গত ডিসেম্বর মাসে বিভিন্ন বিতরণ কোম্পানি অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করা এবং বকেয়া বিল পরিশোধ না করায় মোট ৩২ হাজার ৪২৯টি বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করেছে। এর মধ্যে অবৈধ বিদ্যুৎসংযোগ এক হাজার ৫০৪টি। অন্যগুলো বিচ্ছিন্ন করা হয়েছে ২২ কোটি তিন লাখ ২৭ হাজার ৭৮০ টাকা বিল বকেয়া থাকায়।
অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারের অভিযোগে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) ৩৬১, পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি) ৯৩৪, ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি) ১৫৫ এবং ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানি (ডেসকো) ৫৪টি সংযোগ বিচ্ছিন্ন করেছে। বকেয়া বিল পরিশোধ না করায় পিডিবি আট হাজার ৯০০, আরইবি ১৬ হাজার ৮৬৭, ডিপিডিসি এক হাজার ৬৪০, ডেসকো দুই হাজার ৮৯৫ এবং পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ কোম্পানি (ওজোপাডিকো) ৬১৩টি সংযোগ বিচ্ছিন্ন করেছে। মন্ত্রণালয় ও কোম্পানিগুলোর সূত্র জানায়, বিদ্যুতের অবৈধ ব্যবহার রোধ ও বকেয়া বিল আদায়ের এ উদ্যোগ অব্যাহত থাকবে।