ডিসেম্বরে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা হবে ১০ হাজার মেগাওয়াট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ডিসেম্বরে দেশের বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা ১০ হাজার মেগাওয়াটে উন্নীত হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী এনামুল হক। জাতীয় সংসদে গতকাল মঙ্গলবার এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। তাঁর অনুপস্থিতিতে তাঁর হয়ে প্রশ্নের জবাব দেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক।
সাধনা হালদারের এ-সম্পর্কিত প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী আরও জানান, ওই সময়ের মধ্যে ৬০০ মেগাওয়াট ক্ষমতার নতুন বিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ এবং ভারত থেকে আমদানি করা ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে। সম্পূরক প্রশ্নের জবাবে বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে লোডশেডিং হয় এক থেকে দেড় ঘণ্টা। বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে লোডশেডিং ছিল গড়ে ১১ থেকে ১২ ঘণ্টা। চারদলীয় জোট ক্ষমতা ছেড়ে যাওয়ার সময় চার হাজার ৫৮৩ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হতো।
প্রশ্নোত্তর পর্বের আগে গতকাল বিকেল সোয়া পাঁচটার দিকে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়।
চয়ন ইসলামের প্রশ্নের জবাবে বিদ্যুৎ প্রতিমন্ত্রী জানান, বর্তমান সরকারের আমলে সর্বোচ্চ ছয় হাজার ৬৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়েছে। বিএনপির শহীদ উদ্দীন চৌধুরীর প্রশ্নের জবাবে তিনি জানান, বিগত চার বছরে খনিজ সম্পদ অনুসন্ধানে মোট এক হাজার ২০৭ কোটি টাকা ব্যয় হয়েছে।
হোসেন মকবুল শাহরিয়ারের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, দিনাজপুরের হাকিমপুর উপজেলার চাকুপাড়া-মাসিদপুর এলাকায় খননের মাধ্যমে দুটি ম্যাগনেটিক ব্যান্ডের অস্তিত্ব পাওয়া গেছে। এ বিষয়ে বিস্তারিত অনুসন্ধানের প্রয়োজন আছে।
আসমা জেরিনের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু জানান, সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রতিবেদন সব প্রিন্ট ও ইলেকট্রনিক মাধ্যমে প্রচারের ব্যবস্থা করা হয়েছে। তথ্য অধিদপ্তর, বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার ও বাসস প্রচারকাজ চালাচ্ছে। এ বি এম আবুল কাসেমের প্রশ্নের জবাবে তিনি জানান, বর্তমানে তিনটি সরকারি ও ২০টি বেসরকারি চ্যানেল চালু রয়েছে। এ ছাড়া পরীক্ষামূলক সম্প্রচার চালাচ্ছে বিজয় টিভি। পরীক্ষামূলক সম্প্রচারের অপেক্ষায় আছে গানবাংলা, দীপ্ত বাংলা ও যমুনা টেলিভিশন। দিগন্ত টেলিভিশন ও ইসলামিক টেলিভিশনের সম্প্রচার বন্ধ রয়েছে।
সম্পূরক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, দিগন্ত ও ইসলামিক টেলিভিশন ধর্মীয় উত্তেজনা সৃষ্টিতে নিয়োজিত ছিল। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় এ দুটি চ্যানেল বন্ধ করা হয়েছে। সালমা ইসলামের প্রশ্নের জবাবে তিনি জানান, বেসরকারি টিভি চ্যানেল দর্শকপ্রিয়তা অর্জন করেছে—এটি অনুমাননির্ভর মন্তব্য। টেরিস্টিরিয়াল চ্যানেল হওয়ায় বিটিভির দর্শকসংখ্যা স্যাটেলাইট চ্যানেলের চেয়ে অনেক বেশি।
এ বি এম আশরাফ উদ্দিন নিজানের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, দৈনিক আমার দেশ বন্ধ করা হয়নি। আদালতে মামলা চলমান থাকায়, মামলাটি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পত্রিকাটির প্রকাশনার ব্যাপারে কোনো পদক্ষেপ নেওয়া সম্ভব হচ্ছে না।