স্তন ক্যানসার প্রতিরোধে জাতীয় ক্যানসার ইনস্টিটিউটসহ দেশের সরকারি মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে ডিসেম্বর মাসজুড়ে বিনা মূল্যে মেমোগ্রাম (স্তন ক্যানসার শনাক্তকরণের এক্স-রে) সুবিধা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
গতকাল শুক্রবার রাজধানীর সোনারগাঁও হোটেলে বাংলাদেশ ব্রেস্ট ক্যানসার সম্মেলন-২০১৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন। ব্রেস্ট ক্যানসার স্টাডি ফোরাম এবং সোসাইটি অব সার্জনস অব বাংলাদেশ যৌথভাবে এই সম্মেলনের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী বলেন, জাতীয় ক্যানসার ইনস্টিটিউটসহ সরকারি মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে মেমোগ্রামের যন্ত্রপাতি আছে। বিজয়ের মাসে সেখানে মেমোগ্রামসহ বিনা মূল্যে দরিদ্র রোগীদের স্তন ক্যানসারের চিকিৎসা দেওয়া হবে।
জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউটের এক গবেষণার সূত্র ধরে অনুষ্ঠানে বলা হয়, বাংলাদেশে ক্যানসার আক্রান্ত নারীদের মধ্যে ২৫ শতাংশই স্তন ক্যানসারে আক্রান্ত। গত নয় বছরে স্তন ক্যানসারে আক্রান্ত ৫ হাজার ৩১১ জন রোগীর ওপর পরিচালিত এই গবেষণায় দেখা যায়, বাংলাদেশের নারীরা পশ্চিমা নারীদের তুলনায় কম বয়সে ক্যানসারে আক্রান্ত হচ্ছেন। আক্রান্ত ২৫ শতাংশ রোগীর বয়স ৪০ বছরের নিচে। ৪০ থেকে ৪৯ বছর বয়সীদের হার সর্বোচ্চ ৩৫ শতাংশ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক দ্বীন মোহাম্মদ নূরুল হক। বক্তব্য দেন মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যানসার সোসাইটির সাবেক সভাপতি রিচার্ড লাভ, অধ্যাপক কামরুজ্জামান চৌধুরী, অধ্যাপক এম এ হাই, অধ্যাপক এ জে এম মোশতাক হোসেন, অধ্যাপক সেলিম রেজা প্রমুখ।
চিকিৎসকেরা বলেছেন, স্তন ক্যানসার নিরাময়যোগ্য। কিন্তু রোগটি সম্পর্কে সচেতনতার অভাবে ৭০ শতাংশ রোগ তৃতীয় ও চতুর্থ পর্যায়ে শনাক্ত হওয়ায় নিরাময় হওয়ার সম্ভাবনাও কমে যায়। আর বাংলাদেশে প্রয়োজনের তুলনায় খুব সীমিত অবকাঠামো এবং জনবল নিয়ে এর চিকিৎসাসেবা চলছে।
স্তন ক্যানসার সম্পর্কে সচেতনতা সৃষ্টি ও চিকিৎসকদের কর্মকৌশল নিয়ে দিনব্যাপী এ সম্মেলনে যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর, ভারত ও ফিলিপাইনের মোট ১৪ জন ক্যানসার বিশেষজ্ঞ অংশ নেন।