ডিসেম্বরে ভাঙা সড়ক আর দেখা যাবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা ভারী বর্ষণে নগরের সড়কগুলো বেহাল হয়ে পড়েছে বলে স্বীকার করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন। তিনি বলেন, ভাঙা ও বেহাল সড়ক দ্রুত যান চলাচলের উপযোগী করে তুলতে সিটি করপোরেশন ঠিকাদার নিয়োগ করে রেখেছে। বৃষ্টি বন্ধ হলেই রাস্তার পিচঢালাইয়ের কাজ শুরু হবে। ডিসেম্বরে নগরে কোনো ভাঙা সড়ক দেখা যাবে না।

যানজট কমাতে নগরের বাস পরিচালনা একই ব্যবস্থাপনায় আনার চেষ্টা করা হচ্ছে বলে জানান মেয়র নাছির। এ ব্যাপারে গণপরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতাদের সঙ্গে একাধিক বৈঠক করেছেন তিনি। তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্তে আসা যায়নি।

গতকাল শুক্রবার বিকেলে ‘নান্দনিক চট্টগ্রামের নন্দিত নাগরিক’ শীর্ষক মতবিনিময় সভায় মেয়র এসব কথা বলেন। চট্টগ্রাম প্রেসক্লাব সাংবাদিকদের সঙ্গে মেয়রের এই মতবিনিময়ের আয়োজন করে। প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সভাপতি কলিম সরওয়ার। সভায় সাংবাদিকেরা বক্তব্যে নগরের নানা সমস্যা তুলে ধরেন।

মেয়র নাছির উদ্দীন বলেন, নগরের বিভিন্ন মোড়ে বাসগুলো আড়াআড়ি করে রেখে যাত্রী ওঠানো হয়। এতে পেছনের গাড়ি আটকে যায়। বাসে যাত্রী ওঠানোর এই অসুস্থ প্রতিযোগিতা বন্ধ করতে মোড় থেকে কিছু দূরে যাত্রী ছাউনি করার পরিকল্পনা রয়েছে। কিছু করপোরেট প্রতিষ্ঠান এ ব্যাপারে এগিয়ে আসছে। একই সঙ্গে নগরের যাত্রীবাহী বাসগুলো পরিচালনা করতে একটি ব্যবস্থাপনা কমিটির আওতায় নিয়ে আসা হবে। এই কমিটি সব রুটের বাস পরিচালনা করবে। এতে যে আয় হবে তা দিন শেষে আসনভিত্তিক অনুপাতে বাসগুলোকে বণ্টন করে দেওয়া হবে। এই পরিকল্পনা বাস্তবায়ন হলে যানজট সহনীয় পর্যায়ে নেমে আসবে।

নগরের ফুটপাতগুলোকে হকারমুক্ত করার ব্যাপারে বদ্ধপরিকর বলে ঘোষণা দেন সিটি মেয়র। তিনি বলেন, আগামী ১ সেপ্টেম্বর ফুটপাত থেকে হকার সরানোর দিনক্ষণ ঠিক আছে। কিন্তু ২ সেপ্টেম্বর পবিত্র ঈদুল আজহা। ঈদের জন্য এই সিদ্ধান্ত বাস্তবায়ন একটু কঠিন। তাই সেপ্টেম্বরের মধ্যে নগরের ১৫-১৬ হাজার হকারকে বিকেল পাঁচটার আগে ফুটপাতে বসতে দেওয়া হবে না। হকাররাও নিবন্ধিত সংগঠনের সদস্য। তাঁরা নির্দিষ্ট জায়গায় বসবেন এবং পরিচয়পত্র দেওয়া হবে।

সভায় সাংবাদিকদের বক্তব্যে ঘুরেফিরে আসে জলাবদ্ধতার প্রসঙ্গ। এ ব্যাপারে মেয়র নাছির বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী এ বিষয়ে সজাগ আছেন। তিনি সিডিএর (চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ) মাধ্যমে জলাবদ্ধতা নিরসনের প্রকল্প বাস্তবায়ন করছেন। নগরের বড় প্রকল্পগুলো সিডিএ বাস্তবায়ন করে সিটি করপোরেশনকে বুঝিয়ে দেয়। এটা আইনে আছে। জলাবদ্ধতা নিরসনের প্রকল্পে সর্বাত্মক সহযোগিতা করব। আমাদের চিন্তার ভিন্নতা ও মতপার্থক্য থাকতে পারে। সবার উদ্দেশ্য জনগণের সেবা করা। আমরাও চাই সমন্বিত কার্যক্রম।’

অপ্রশস্ত বিমানবন্দর সড়কটি আরও চওড়া করার কথা জানান মেয়র। তিনি বলেন, বিমানবন্দর সড়কে বন্দর কর্তৃপক্ষ ও জ্বালানি তেল কোম্পানির জায়গা রয়েছে। এসব সংস্থার সঙ্গে আলোচনা চলছে। ইতিমধ্যে বন্দর কর্তৃপক্ষ জায়গা দিতে সম্মত হয়েছে। এটি হবে নগরের একটি নান্দনিক সড়ক।

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শুকলাল দাশের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু সুফিয়ান, আলী আব্বাস, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিয়াজ হায়দার, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, চট্টগ্রাম সাংবাদিক কো-অপারেটিভ হাউজিং সোসাইটির সাধারণ সম্পাদক হাসান ফেরদৌসসহ জ্যেষ্ঠ সাংবাদিকেরা।