ডিসেম্বরে ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বরের শুরুতে দ্বিপক্ষীয় সফরে নয়াদিল্লি যাচ্ছেন। প্রস্তাবিত সফরসূচি অনুযায়ী ৩ ডিসেম্বর দুই দিনের সফরে শেখ হাসিনার ভারত যাওয়ার কথা রয়েছে। তাঁর এই সফরের প্রস্তুতি চূড়ান্ত করতে নভেম্বরের প্রথম দিকে নয়াদিল্লি যাচ্ছেন পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক।

ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা গতকাল বুধবার পররাষ্ট্রসচিব মো. শহীদুল হকের সঙ্গে প্রধানমন্ত্রীর আসন্ন সফর নিয়ে আলোচনা করেন। হাইকমিশনার সকালে পররাষ্ট্রসচিবের সঙ্গে তাঁর দপ্তরে দেখা করেন।

প্রধানমন্ত্রীর দিল্লি সফরের সময় তিস্তার পানি বণ্টন চুক্তি সইয়ের বিষয়ে নাটকীয় কোনো ঘোষণা আসতে পারে বলে কূটনৈতিক সূত্রগুলো আভাস দিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা গতকালের বৈঠকের পর প্রথম আলোকে বলেন, পররাষ্ট্রসচিবের সঙ্গে হর্ষবর্ধন শ্রিংলার আলোচনায় প্রধানমন্ত্রীর আসন্ন ভারত সফরটিই প্রাধান্য পেয়েছে। এরই অংশ হিসেবে পররাষ্ট্রসচিবের দিল্লি সফরের বিষয়টিও আলোচনায় এসেছে।

পররাষ্ট্রসচিব নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে দিল্লি গিয়ে ভারতের পররাষ্ট্রসচিব এস জয়শঙ্করসহ সংশ্লিষ্ট জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে সফর নিয়ে আলোচনা করবেন। ডিসেম্বরে দুই দেশের প্রধানমন্ত্রীদের আলোচনায় কোন বিষয়গুলো প্রাধান্য পাবে, তা নিয়েও শহীদুল হক ভারতের কর্মকর্তাদের সঙ্গে প্রাথমিক পর্যায়ে কথা বলবেন।

সূত্র বলেছে, ডিসেম্বরে দুই প্রতিবেশী দেশের প্রধানমন্ত্রীদের শীর্ষ বৈঠকে তাঁদের এর আগের বৈঠকের সিদ্ধান্ত পর্যালোচনা করা হবে। এর পাশাপাশি কোন কোন ক্ষেত্রে নতুন করে সহযোগিতার সুযোগ আছে, তা নিয়েও তাঁরা কথা বলতে পারেন।

ঢাকার কর্মকর্তারা বলেছেন, শেষ পর্যন্ত শেখ হাসিনার দিল্লি সফরটি ৩ ডিসেম্বর শুরু হলে ওই দিনই তিনি নরেন্দ্র মোদির সঙ্গে শীর্ষ বৈঠক করবেন। প্রধানমন্ত্রী একই দিনে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এ ছাড়া কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীসহ ভারতের একাধিক গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে পারেন।

প্রথম আলোরনয়াদিল্লি প্রতিনিধি জানিয়েছেন, উগ্রবাদ মোকাবিলায় ‘বাংলাদেশ মডেল’-এর কার্যকারিতা নিয়ে আন্তর্জাতিক স্তরে সম্মেলন করার কথা ভাবছে ভারত। প্রস্তাবিত এই সম্মেলন দিল্লিতে আয়োজনের চেষ্টা চলছে। শেখ হাসিনার দিল্লি সফরের সময় সম্মেলনটি হতে পারে। নরেন্দ্র মোদি ওই সম্মেলনের উদ্বোধন করতে পারেন। ধারণা করা হচ্ছে, সম্মেলনে বাংলাদেশ বড় ভূমিকা পালন করবে।

সম্প্রতি ভারতের গোয়ায় ব্রিকস ও বিমসটেকের আসরে শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মোদি এই বিষয়ে বেশ আগ্রহ দেখান। শেখ হাসিনার কাছে তিনি খুঁটিয়ে খুঁটিয়ে জানতে চান, কীভাবে তিনি উগ্রবাদের মোকাবিলা এমন সার্থকভাবে করতে পারছেন। সেই বৈঠকের পর থেকেই এ বিষয়ে একটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করার চিন্তাভাবনার শুরু।