ডিসেম্বরে রাষ্ট্রায়ত্ত কারখানার ন্যূনতম মজুরিকাঠামো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক বলেছেন, রাষ্ট্রায়ত্ত শিল্প-কারখানায় কর্মরত শ্রমিকদের মজুরি, ভাতাদি ও অন্যান্য সুবিধাদি নির্ধারণের লক্ষ্যে জাতীয় মজুরি ও উৎপাদনশীলতা কমিশন ২০১৫ গঠন করা হয়েছে। কমিশনের প্রতিবেদন বর্তমানে অর্থ বিভাগের মতামতের জন্য প্রক্রিয়াধীন রয়েছে। আশা করা যায়, এ বছরের ডিসেম্বরের মধ্যে মজুরিকাঠামো ঘোষণা সম্ভব হবে।
আজ জাতীয় সংসদের যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের প্রশ্নের জবাবে কথাগুলো বলেন শ্রম প্রতিমন্ত্রী।
জাতীয় পার্টির সেলিম উদ্দিনের প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, দেশে সরকারের আপত্কালীন মজুত কমে যাওয়ায় চলতি ২০১৭-১৮ অর্থবছরে ১৫ লাখ মেট্রিক টন চাল ও ৫ লাখ মেট্রিক টন গম আমদানির পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
চাল আমদানির অগ্রগতি প্রশ্নে মন্ত্রী জানান, জি টু জি চুক্তির আওতায় এ পর্যন্ত ভিয়েতনাম থেকে আড়াই লাখ মেট্রিক টন চাল দেশে এসে পৌঁছেছে। এ ছাড়া কম্বোডিয়া থেকে আড়াই লাখ মেট্রিক টন চাল ও রাশিয়া থেকে দুই লাখ মেট্রিক টন গম আমদানি হচ্ছে। মন্ত্রী জানান, চার লাখ মেট্রিক টন চাল ও দেড় লাখ মেট্রিক টন গম আমদানির জন্য আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হয়েছে। এই দরপত্রের আওতায় থাইল্যান্ড থেকে ৩২ হাজার ১৪০ মেট্রিক টন, ভারত থেকে ১৬ হাজার ৩০১ মেট্রিক টন ও মিয়ানমার থেকে ২১ হাজার ৫০০ মেট্রিক টন চাল আমদানি করা হয়েছে।
আলী আজমের প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, বাংলাদেশে খাদ্যশস্যের মোট প্রাক্কলিত চাহিদা প্রায় ৩ কোটি ১ লাখ মেট্রিক টন। মোট খাদ্যশস্যের (চাল ও গম) চাহিদা শতকরা প্রায় ৯০ ভাগ চাল এবং ১০ ভাগ গমের চাহিদা হিসেবে ধরা হয়।
চাহিদা অনুযায়ী দেশে যথেষ্ট চাল উৎপাদন হলেও বর্তমানে দেশে গম উৎপাদনের ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিমাণে ঘাটতি রয়েছে। উল্লেখ্য, অতিমাত্রায় প্রাকৃতিক দুর্যোগের কারণে ধানের উৎপাদন ক্ষতিগ্রস্ত না হলে স্বাভাবিক বছরগুলোতে দেশীয়ভাবে চলা উৎপাদন (প্রায় ৩ কোটি ৪৬ লাখ মেট্রিক টন) দ্বারা চালের চাহিদার পুরোটাই মেটানো সম্ভব হয়। তবে দেশে উৎপাদিত গম (প্রায় ১২ লাখ ৪৮ হাজার মেট্রিক টন) দ্বারা এক-তৃতীয়াংশের কম চাহিদা মেটানো সম্ভব হয়। ফলে আমদানির মাধ্যমে গমের সিংহভাগ চাহিদা পূরণ করা হয়ে থাকে।

আওয়ামী লীগের সংসদ সদস্য এনামুল হক ও মামুনুর রশীদ কিরণের পৃথক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ জানান, গত ২০১৬-১৭ অর্থবছরে রপ্তানি আয় হয়েছে ৩৪ হাজার ৮৪৬ দশমিক ৮৪ মিলিয়ন মার্কিন ডলার ও আমদানি ব্যয় হয়েছে ৪৩ হাজার ৬৬৫ দশমিক ৯ মিলিয়ন মার্কিন ডলার।
সরকারদলীয় গোলাম দস্তগীর গাজীর প্রশ্নের জবাবে তোফায়েল আহমেদ জানান, বর্তমানে বিশ্বের ৪৫টি দেশের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি আছে। সেগুলো হলো আলজেরিয়া, আলবেনিয়া, বুলগেরিয়া, ব্রাজিল, বেলারুশ, চেকোস্লাভাকিয়া, মিসর, হাঙ্গেরি, ইরান, ইরাক, কেনিয়া, কুয়েত, লিবিয়া, মালি, মরক্কো, পোল্যান্ড, রোমানিয়া, সেনেগাল, সুদান, তুরস্ক, উগান্ডা, সংযুক্ত আরব আমিরাত, আফগানিস্তান, উজবেকিস্তান, ইউক্রেন, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ভিয়েতনাম, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, কম্বোডিয়া, থাইল্যান্ড, চীন, ইউএসএসআর, যুগোস্লাভিয়া, জিম্বাবুয়ে, জাম্বিয়া, জার্মানি, ভুটান, ভারত, মিয়ানমার, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা ও যুক্তরাষ্ট্র।