ডিসেম্বরে হরতালের কথা কি প্রধানমন্ত্রী ভুলে গেছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিজয়ের মাসে বিরোধী দলের কর্মসূচি নিয়ে প্রধানমন্ত্রীসহ আওয়ামী লীগের নেতাদের সমালোচনার জবাবে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘প্রধানমন্ত্রী কি ভুলে গেছেন, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে ১৯৯৫ সালের ডিসেম্বর মাসে তাঁরা কতবার হরতাল দিয়েছিলেন? কত জ্বালাও-পোড়াও কর্মসূচি দিয়েছিলেন?’গতকাল সোমবার দুপুরে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন বিএনপির মির্জা ফখরুল। তিনি বলেন, ‘আমরা বহুবার বলেছি, আমাদের আন্দোলন হচ্ছে জনগণের গণতান্ত্রিক অধিকার ও ভোটের অধিকার রক্ষা করার জন্য। ডিসেম্বর মাস হচ্ছে সংগ্রাম ও স্বাধীনতার মাস। জনগণের অধিকার আদায়ের জন্য এই মাস আরও বেশি গুরুত্বপূর্ণ।’ ৯ ডিসেম্বর সারা দেশে ১৮ দলের রাজপথ অবরোধ কর্মসূচি সফল করার লক্ষ্যে শরিকদের সঙ্গে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা শেষে এই সংবাদ সম্মেলন করা হয়।বিএনপিকে জামায়াত-শিবিরের সঙ্গ ছাড়তে প্রধানমন্ত্রী আহ্বান জানিয়েছেন, এ বিষয়ে বিএনপির প্রতিক্রিয়া কী—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘এটা কি আমরা প্রধানমন্ত্রীর নির্দেশে করব? আমরা আমাদের রাজনীতি করি, প্রধানমন্ত্রী তাঁর রাজনীতি করেন।’ তিনি গতকাল রাজধানীর বায়তুল মোকাররমে জামায়াতে ইসলামীকে সমাবেশ করতে না দেওয়া এবং পল্লবীতে বিএনপির একটি কার্যালয় উদ্বোধনের জন্য আয়োজিত মিলাদ অনুষ্ঠানের মঞ্চ ভেঙে ফেলার কড়া সমালোচনা করেন।বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘আজ (সোমবার) জামায়াতের পূর্বঘোষিত কর্মসূচি ছিল। দলটির পক্ষ থেকে ডিএমপি কমিশনারের কাছে সমাবেশের অনুমতি চেয়ে চিঠি দেওয়া হয়। কিন্তু পুলিশ এর কোনো উত্তর দেয়নি। অথচ এ-সংক্রান্ত সব প্রমাণপত্র থাকার পরও স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, অনুমতির জন্য জামায়াত পুলিশের কাছে আবেদনই করেনি। জামায়াতের সমাবেশ বানচাল করার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী যে নির্লজ্জ মিথ্যাচার করেছেন, তা নজিরবিহীন। আমরা এর নিন্দা ও প্রতিবাদ জানাই।’সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া, এলডিপির মহাসচিব রেদোয়ান আহমেদ, ইসলামী ঐক্যজোটের মহাসচিব আবদুল লতিফ নেজামী, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য সৈয়দ আবদুল্লাহ মো. তাহের, শফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।স্বরাষ্ট্রমন্ত্রী বাকশালী ভাষাকেও হার মানিয়েছেন: গতকাল সকালে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী যে ভাষায় কথা বলছেন, তা গণতন্ত্রের ভাষা নয়। তাঁর ভাষা বাকশালী ভাষাকেও হার মানিয়েছে। সুশীল ফোরাম নামের একটি সংগঠন তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজনীয়তা নিয়ে এ আলোচনা সভার আয়োজন করে।