ডিসেম্বরেই নির্বাচনের ইঙ্গিত অর্থমন্ত্রীর

আগামী ডিসেম্বরেই জাতীয় সংসদের নির্বাচন হবে বলে ধারণা দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, ‘সার্বিক পরিস্থিতি যেভাবে এগোচ্ছে, তাতে মনে হয় মেয়াদ শেষের পর আর কেউ ক্ষমতায় থাকতে চাইবে না।’ সচিবালয়ে আজ বুধবার বিসিএস নিরীক্ষা ও হিসাব অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদলের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে অর্থমন্ত্রী এসব কথা বলেন। সংগঠনের সভাপতি রোকেয়া সুলতানা প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।বর্তমান সরকারের মেয়াদ আছে ২০১৪ সালের ২৪ জানুয়ারি পর্যন্ত। ২০০৮ সালের ২৯ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠানের পর ২০০৯ সালের ৬ জানুয়ারি সরকার গঠন করে আওয়ামী লীগ। জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসে ওই বছরের ২৫ জানুয়ারি। সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী সংসদ অধিবেশনের প্রথম দিন থেকে পাঁচ বছর মেয়াদ পূর্ণ হওয়ার তিন মাস আগে অর্থাত্ ২৪ অক্টোবর পর্যন্ত সংসদ অধিবেশন, মন্ত্রিসভার বৈঠক ইত্যাদি অনুষ্ঠিত হতে পারবে। আর সংসদ নির্বাচন হতে হবে ২৫ জানুয়ারির মধ্যে।বিসিএস নিরীক্ষা ও হিসাব অ্যাসোসিয়েশনের সদস্যদের উদ্দেশে অর্থমন্ত্রী বলেন, ‘আমার ধারণা, ডিসেম্বরের মধ্যেই সংসদ নির্বাচন হয়ে যাবে।’