ডিসেম্বরেই ৩৭ জেলায় বিটিসিএলের ব্রডব্যান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি ডিসেম্বরের মধ্যেই দেশের ৩৭টি জেলায় ব্রডব্যান্ড সেবা সম্প্রসারণ করবে বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল)। এতে ৪৬ হাজার গ্রাহককে সেবা দিতে সক্ষম হবে প্রতিষ্ঠানটি। একই সঙ্গে ব্রডব্যান্ড সংযোগ ও সেবামূল্য আরও কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ প্রসঙ্গে বিটিসিএলের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আবু সাঈদ খান প্রথম আলোকে বলেন, ‘ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের একটি পদক্ষেপ হচ্ছে প্রত্যন্ত এলাকায় ব্রডব্যান্ড পৌঁছে দেওয়া। আমরা পর্যায়ক্রমে ব্যান্ডউইথের দাম অনেক কমিয়েছি। এখন মডেম ও সংস্থাপন খরচ আরও কমানোর চেষ্টা করছি। আমাদের লক্ষ্য, ঘরে ঘরে ব্রডব্যান্ড পৌঁছে দেওয়া।’ আবু সাঈদ খান বলেন, দেশের ৩৭টি জেলায় ব্রডব্যান্ড সেবা পৌঁছানোর কারিগরি প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে। এ ছাড়া আগামী ফেব্রুয়ারি নাগাদ দেশের চার হাজার ইউনিয়নে অপটিক ফাইবার পৌঁছে দিতে কাজ করছে পরিকল্পনা কমিশন। এডিএসএলের (এসিমেট্রিক ডিজিটাল সাবস্ক্রাইবার লাইন) মাধ্যমে বিটিসিএল ২০০৯ সালের পয়লা ডিসেম্বর থেকে চার ধরনের ব্রডব্যান্ড প্যাকেজ চালু করেছে। ব্যবহারের ওপর ভিত্তি করে ‘ভলিউম’ ও ‘আনলিমিটেড’ হিসেবে ১২৫, ২৫৬, ৫১২ ও এক মেগাবাইট কিলোবাইট গতির প্যাকেজ দিচ্ছে বিটিসিএল। চালু করার পর থেকে পর্যায়ক্রমে দাম কমানোর ফলে বিটিসিএলের প্যাকেজগুলো এখন বেসরকারি ওয়াইম্যাক্স অপারেটরের প্যাকেজের চেয়ে সাশ্রয়ী। বিভাগীয় প্রকৌশলী (এক্সচেঞ্জ ইনস্টলেশন) সুধীর কুমার অধিকারী জানান, বর্তমানে দেশের ২৬টি জেলায় বিটিসিএলের ব্রডব্যান্ড সেবা ব্যবহার করছেন পাঁচ হাজার ২০০ গ্রাহক। বিশেষ করে গত এপ্রিলে মডেম ও সংযোগের দাম কমানোর পর এডিএসএলের বি-কিউব প্যাকেজের গ্রাহকসংখ্যা দ্রুত বেড়েছে। বিটিসিএলের বর্তমান এডিসিএল সংযোগক্ষমতা ১৯ হাজার। এখন ঢাকা, চট্টগ্রাম ও খুলনায় ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা দেওয়া হচ্ছে। শিগগিরই রাজশাহী, কুমিল্লা, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, বগুড়া, রংপুর, খুলনা, সিলেট, পাবনা, নোয়াখালী, কুষ্টিয়াসহ ৩৭ জেলায় এ সেবা দেওয়া হবে। সুধীর কুমার অধিকারী আরও জানান, বিটিসিএলের এডিসিএল সংযোগক্ষমতা ১৯ হাজার থেকে বাড়িয়ে ৪৬ হাজার করা হচ্ছে। নতুন করে দাম না কমানো পর্যন্ত বিটিসিএলের গ্রাহকেরা মাসিক সর্বনিম্ন ৩০০ টাকায় এ ইন্টারনেট সেবা ব্যবহার করতে পারবেন। একটি বেসরকারি প্রতিষ্ঠান এমএম সিস্টেমস এই এডিএসএল সংযোগ বাজারজাতকরণ ও গ্রাহকসেবা বৃদ্ধির লক্ষ্যে কাজ করছে।বিটিসিএলের চেয়ারম্যান ও টেলিযোগাযোগসচিব সুনীল কান্তি বোস প্রথম আলোকে বলেন, ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহার বাড়াতে এডিএসএল বি-কিউব সংযোগ একটি সম্ভাবনাময় খাত। তবে সাধারণ মানুষকে স্বল্প খরচে উন্নতমানের ইন্টারনেট সুবিধা পৌঁছে দিতে বিটিসিএল প্রতিজ্ঞাবদ্ধ। চাহিদার ওপর ভিত্তি করে তাই এই সেবার পরিসর আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে।