ডিসেম্বরেও শেষ হচ্ছে না সুরমা সেতু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জ জেলা সদরের সঙ্গে চারটি উপজেলার সরাসরি সড়ক যোগাযোগ স্থাপনের জন্য সুরমা নদীর ওপর নির্মাণাধাীণ সেতুর কাজ গত সাত বছরেও শেষ হয়নি। দ্রুত কাজ শেষ করতে প্রধানমন্ত্রীর নির্দেশ ও যোগাযোগমন্ত্রীর বেঁধে দেওয়া সময়ের মধ্যেও কাজ শেষ হচ্ছে না। পুরো কাজ শেষ হতে আরও এক বছর সময় লাগতে পারে বলে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সুনামগঞ্জ পৌর শহরের মল্লিকপুর এলাকায় সুরমা নদীর ওপর ২০০৬ সালের ডিসেম্বর মাসে ১৮ কোটি টাকা ব্যয় ধরে এই সেতুর কাজ শুরু হয়। পরে প্রয়োজনীয় বরাদ্দের অভাবে কয়েক দফা কাজ বন্ধ থাকে। মাঝখানে সড়ক ও জনপথ বিভাগ সেতুর নকশা পরিবর্তন করে সেতু নির্মাণের ব্যয় নির্ধারণ করে ৬৪ কোটি টাকা। ২০১০ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুনামগঞ্জ সফরে এলে জেলাবাসীর দাবির মুখে তিনি এই সেতুর কাজ দ্রুত শেষ করতে সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশ দেন। গত বছর সেতুটি সরকারের বার্ষিক উন্নয়ন পরিকল্পনা (এডিপি) থেকে বাদ পড়ে যায়। এতে ক্ষুব্ধ হয়ে স্থানীয় ক্ষমতাসীন দলের সাংসদ মতিউর রহমান সংসদ থেকে পদত্যাগ করার ঘোষণা দেন। পরে আবার সেটি এডিপিতে অন্তর্ভুক্ত করা হয়।
চলতি বছরের ১৮ জানুয়ারি সেতুর কাজ পরিদর্শনে আসেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। তখন তিনি সেতুর কাজ অক্টোবর মাসের মধ্যে শেষ হবে বলে জানান। কিন্তু পরবর্তী সময়ে সংসদে মতিউর রহমানের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের জানান, কাজের গতি বাড়াতেই তিনি এ কথা বলেছিলেন। প্রকৃতপক্ষে কাজ শেষ হবে ডিসেম্বর মাসে।
গতকাল মঙ্গলবার দুপুরে সরেজমিনে দেখা গেছে, দুই পাড়ে সংযোগ সড়কে মাটি ফেলার কাজ চলছে। মাঝখানের মূল পাটাতন এবং নদীর পশ্চিম পাড়ে আরও একটি পাটাতনের কাজ শুরুই হয়নি।
কাজে থাকা শ্রমিকেরা জানিয়েছেন, দুই মাস ধরে কাজের গতি বেড়েছে। পুরোপুরি কাজ শেষ হতে আরও এক বছর সময় লাগতে পারে। সুনামগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আনোয়ারুল আমীন জানান, প্রয়োজনীয় বরাদ্দ না পাওয়াতেই কাজে বিলম্ব হয়েছে। এ বছর ৩৬ কোটি টাকা বরাদ্দ দেওয়ার কথা। কিন্তু পাওয়া গেছে সাড়ে সাত কোটি টাকা। এর মধ্যে চীন থেকে ১২ কোটি ৬৩ লাখ টাকার একটি স্টিলের কাঠামো আনতে হবে। এটির কাজ একটি চায়না কোম্পানি পেয়েছে।
আনোয়ারুল আমীন প্রথম আলোকে বলেন, ‘কাজ প্রায় ৮০ ভাগ শেষ। এখন প্রয়োজনীয় বরাদ্দ পাওয়া গেলে এবং চায়না থেকে ওই স্টিল কাঠামোটি সময়মতো আনা গেলে আগামী বছরের জুন মাসের মধ্যে আমরা পুরো কাজ শেষ করতে পারব।’