ডিসেম্বরের পর ব্যাংক অচল হয়ে পড়বে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের অর্থনৈতিক অবস্থা ভালো নয়। সরকার ব্যাংক থেকে প্রতিদিন ১০০ কোটি টাকার বেশি ঋণ নিচ্ছে। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, এ অবস্থা চলতে থাকলে ডিসেম্বরের পর দেশের ব্যাংকগুলো অচল হয়ে পড়বে। ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে গতকাল রোববার বিকেলে জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত আলোচনা সভায় মির্জা ফখরুল এ কথা বলেন। বিএনপির এই নেতা বলেন, দেশের অর্থনীতি রসাতলে যাচ্ছে। বিদেশে লোক পাঠানো যাচ্ছে না। মানুষের কাজ নেই। দফায় দফায় তেলের দাম বাড়ানো ও লুটপাটের কারণে দ্র্রব্যমূল্য বেড়েই চলছে। এ নিয়ে সরকারের কোনো মাথাব্যথা নেই। তারা ব্যস্ত বিরোধী দলকে দমনের জন্য। মির্জা ফখরুল দাবি করেন, দেশকে ও দেশের মানুষকে রক্ষা করতে হলে এ সরকারকে হটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। তিনি বলেন, ‘এখন আর আমাদের সরকারের ব্যর্থতার কথা বলতে হচ্ছে না। তাদের নিজ দলের নেতারাই বলছেন, মন্ত্রিসভার পুনর্গঠন দরকার।’ আলোচনা সভার সভাপতি বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, এ সরকার সব ক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিয়েছে। জনগণ এদের আর ক্ষমতায় দেখতে চায় না। সভায় আরও বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, শ্রমিক দলের সাধারণ সম্পাদক জাফরুল হাসান, কেন্দ্রীয় নেতা আবুল কাশেম চৌধুরী, আনোয়ার হোসেন প্রমুখ।