ডিসেম্বরের ভিজিডির গম এখনো বিতরণ করা হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ উপজেলার ছয়টি ইউনিয়নে দুস্থ নারীদের মাঝে এখনো ডিসেম্বর মাসের ভিজিডির গম বিতরণ করা হয়নি বলে অভিযোগ পাওয়া গেছে।
গত বুধবার সাবরাং, হ্নীলা ও বাহারছড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয়ে গিয়ে দেখা যায়, বিভিন্ন এলাকা থেকে দেড় শতাধিক দুস্থ নারী ভিজিডির গম নেওয়ার জন্য সংশ্লিষ্ট ইউপি ভবনের সামনে ভিড় করেছেন। এ সময় শাহপরীর দ্বীপ দক্ষিণপাড়ার ফাতেমা বেগম, জাদিমুরার নুর বেগম ও কচ্ছপিয়ার ধলুয়া বিবি বলেন, ডিসেম্বর মাসের ভিজিডির গম নিতে তাঁরা ছয়-সাত কিলোমিটার দূর থেকে হেঁটে এসেছেন। কিন্তু গম বিতরণ করা হচ্ছে না। অথচ এসব গম খাদ্যগুদাম থেকে এনে পরিষদে স্তূপ করে রাখা হয়েছে। তাঁরা বলেন, গম বিতরণে দেরি করায় তাঁদের ভোগান্তি পোহাতে হচ্ছে।
উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা মো. আলমগীর কবির বলেন, যথাসময়েই ভিজিডি ডিও ইস্যু করার পর ইউপি চেয়ারম্যানরা খাদ্যগুদাম থেকে গম উত্তোলন করেছেন। কিন্তু তা বিতরণ না করা অত্যন্ত দুঃখজনক। তিনি বলেন, প্রতি মাসের বরাদ্দ করা গম মাস শেষ হওয়ার আগেই বিতরণ করে প্রতিবেদন দাখিল করার নিয়ম রয়েছে।
সাবরাং ইউপি চেয়ারম্যান হামিদুর রহমান, হ্নীলার ইউপি চেয়ারম্যান মীর কাশেম ও বাহারছড়ার ইউপি চেয়ারম্যান হাবিব উল্লাহ বলেন, কয়েক দিনের মধ্যে ভিজিডির গম বিতরণ করা হবে।
খাদ্যগুদাম সূত্র জানায়, উপজেলায় ভিজিডি কার্ডধারী দুই হাজার ৯১১ জনের জন্য প্রতি মাসে বরাদ্দ দেওয়া হয় ৮৭ দশমিক ৩৩ মেট্রিক টন গম।