ডিসেম্বরের মধ্যে অষ্টম ওয়েজ বোর্ড ঘোষণা আশাবাদী তথ্যমন্ত্রী
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, আগামী সপ্তাহের মধ্যে অন্তর্বর্তীকালীন মহার্ঘ ভাতা প্রদান এবং ডিসেম্বরের মধ্যে অষ্টম ওয়েজ বোর্ড রোয়েদাদ ঘোষণার ব্যাপারে তিনি আশাবাদী।গতকাল মঙ্গলবার তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিক প্রতিনিধিদলের সঙ্গে বৈঠককালে তথ্যমন্ত্রী এ আশাবাদ ব্যক্ত করেন। বৈঠককালে সাংবাদিক নেতারা তাঁদের দীর্ঘদিনের দাবি ‘নিউজপেপারস এমপ্লয়িজ সার্ভিসেস অ্যান্ড কমিশন অ্যাক্ট-১৯৭৪’ প্রত্যর্পণে তথ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলে তিনি এ ব্যাপারে একটি কমিটি গঠনের ঘোষণা দেন।এ ছাড়া হত্যা ও নির্যাতনের শিকার সাংবাদিকদের মামলা দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে একটি মনিটরিং কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে অন্যান্যের মধ্যে তথ্যসচিব হেদায়েতুল্লাহ আল মামুন, প্রধান তথ্য কর্মকর্তা আমিনুল ইসলাম, সাংবাদিক নেতা ইকবাল সোবহান চৌধুরী, রুহুল আমীন গাজী, আবদুল জলিল ভূঁইয়া, ওমর ফারুক, শাবান মাহমুদ, আবদুস শহিদ, বাকের হোসেন, বাংলাদেশ সংবাদপত্র কর্মচারী ফেডারেশনের সভাপতি মো. মতিউর রহমান তালুকদার, মহাসচিব খায়রুল ইসলাম, বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব নিউজপেপারস প্রেস ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আলমগীর হোসেন খান ও মহাসচিব কামাল উদ্দিন উপস্থিত ছিলেন। তথ্য বিবরণী।