ডিসেম্বরের মধ্যে খাদ্যপণ্যের ব্যবসার লাইসেন্স নিতে হবে
খাদ্যপণ্যের ব্যবসায়ীদের এখন থেকে সাধারণ ট্রেড লাইসেন্স ছাড়াও খাদ্য বিভাগের লাইসেন্স লাগবে। বিদ্যমান ব্যবসায়ীদের আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে এ লাইসেন্স নিতে হবে। এ লাইসেন্স ছাড়া ব্যবসা করলে তিন বছরের জেল ও জরিমানা করার বিধান রাখা হয়েছে। ১৯৫৬ সালে জারি করা নিত্যপ্রয়োজনীয় পণ্য নিয়ন্ত্রণ আইনের ক্ষমতাবলে সম্প্রতি এই ঘোষণা (পরিপত্র) জারি করেছে খাদ্য বিভাগ। খাদ্যপণ্যের মজুদদারির মাধ্যমে বাজারে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা ঠেকাতে আইনটি প্রণয়ন করা হয়েছিল। এই আইন অনুযায়ী লাইসেন্স ছাড়া এক টনের বেশি খাদ্যপণ্য রাখা যাবে না।এ সংক্রান্ত পরিপত্রে বলা হয়েছে, চাল, গম ও গমজাতীয় পণ্য, ডাল, ভোজ্যতেল ও চিনির ব্যবসা করার ক্ষেত্রে ট্রেড লাইসেন্সের পাশাপাশি জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় থেকে খাদ্যপণ্যের লাইসেন্স নিতে হবে। খাদ্য বিভাগ থেকে সারা দেশে প্রয়োজনীয় লাইসেন্স ফরম পাঠানো হয়েছে। এরই মধ্যে ব্যবসায়ীরা প্রায় ১৫ হাজার ফরম নিয়েছেন বলে খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে। ১৯৫৬ সালের আইনটিতে বলা আছে, কেউ যদি খাদ্যপণ্যের ব্যবসা করার ক্ষেত্রে লাইসেন্স না নেন, তাহলে তাঁর তিন বছরের জেল ছাড়াও সম্পদ বাজেয়াপ্ত হতে পারে। লাইসেন্স নেওয়ার পর ব্যবসায়ীদের প্রতি ১৫ দিন অন্তর খাদ্যপণ্যের ব্যবসার হিসাব জেলা ও উপজেলা খাদ্য কর্মকর্তার কার্যালয়ে জমা দিতে হবে।এত দিন স্থানীয় সরকার কর্তৃপক্ষ থেকে ট্রেড লাইসেন্স নিয়ে ব্যবসায়ীরা খাদ্যসহ যেকোনো পণ্যের ব্যবসা করতে পারতেন। শুধু চালকলের মালিকদের খাদ্য বিভাগ থেকে লাইসেন্স নিতে হতো। এ ব্যাপারে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক আহমদ হোসেন প্রথম আলোকে বলেন, দেশের খাদ্যপণ্যের সরবরাহ ও জোগান-পরিস্থিতি সম্পর্কে ধারণা রাখতেই সরকার এই আইন বাস্তবায়ন শুরু করেছে। তবে অস্বাভাবিক মজুদ গড়ে বাজারে অস্থিতিশীলতা তৈরি করা ঠেকাতেও এই আইন প্রয়োগ করা হবে।এফবিসিসিআইয়ের পরিচালক এবং বাজার মনিটরিং কমিটির আহ্বায়ক হেলালউদ্দিন এ ব্যাপারে প্রথম আলোকে বলেন, ‘লাইসেন্স নেওয়ার ব্যাপারে এফবিসিসিআই সহযোগিতা করবে। কিন্তু এই আইন দিয়ে ব্যবসায়ীদের হয়রানি করা হলে আতঙ্ক তৈরি হতে পারে। তা হলে পণ্যের স্বাভাবিক সরবরাহ বাধাগ্রস্ত হবে।’ লাইসেন্স ফি ধরা হয়েছে খাদ্য আমদানিকারকদের জন্য ১০ হাজার টাকা, পাইকারি ব্যবসায়ীদের জন্য পাঁচ হাজার টাকা, খুচরা ব্যবসায়ীদের জন্য এক হাজার টাকা এবং অটো, মেজর ও হাসকিং চালকলের জন্য যথাক্রমে পাঁচ হাজার, চার হাজার ও এক হাজার টাকা। ওএমএস ডিলারদের ফি হবে ৬০০ টাকা। সংশোধিত আইন অনুযায়ী আমদানিকারকেরা ৩০০ টনের বেশি ধান-চাল এবং ২০০ টনের বেশি গম সর্বোচ্চ ৩০ দিন মজুদ করতে পারবেন। চিনি ৫০ টন, ভোজ্যতেল ৩০ মেট্রিক টন ও ডাল ৪০ মেট্রিক টনের বেশি মজুদ করা যাবে না। কোনো চালকলে পাক্ষিক ছাঁটাইক্ষমতার পাঁচ গুণ ধান ও দুই গুণ চাল গুদামে রাখা যাবে না।