ডিসেম্বরের মধ্যে গেজেট প্রকাশের দাবি
প্রাথমিকভাবে জাতীয়করণের আওতায় আসা ৬১৬টি বিদ্যালয়ের চূড়ান্ত গেজেট ডিসেম্বরের মধ্যে প্রকাশের দাবি জানিয়েছে বাংলাদেশ নতুন জাতীয়করণকৃত ও বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি।
বাংলাদেশ শিশুকল্যাণ পরিষদ মিলনায়তনে আজ বৃহস্পতিবার সারা দেশের জেলা প্রতিনিধিদের নিয়ে সমিতির মতবিনিময় ও আলোচনা সভায় এই দাবি জানানো হয়।
সভায় বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় নেতা জুয়েল আহমেদ, আবু হানিফা, জহিরুল ইসলাম, সাইফুল ইসলাম, সাহাব উদ্দিন, সুজা আহমেদ, রুহুল আমিন, মো. কবির হোসেন, হাসিনা মমতাজ প্রমুখ।
বক্তারা বলেন, সচিব পর্যায় থেকে পরিদর্শন করার পর বিদ্যালয়গুলোর খসড়া গেজেট করা হয়। চূড়ান্ত গেজেটের জন্য আবার সংশোধিত গেজেটের তথ্য আনা হয় জেলা ও উপজেলা থেকে। কিন্তু সেই গেজেট প্রকাশ করা হচ্ছে না। তাঁরা বলেন, জাতি গড়ার কারিগর শিক্ষকেরা পাঁচ বছর যাবৎ বেতন না পেয়ে মানবেতর জীবন যাপন করছেন।
সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংবর্ধনা জানানোর প্রাথমিক সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত বাস্তবায়নে ৯ জানুয়ারি জাতীয়করণের ৫ম বার্ষিকী উপলক্ষে মহাসমাবেশ করার সিদ্ধান্ত হয়।
সভায় সংগঠনের কেন্দ্রীয় সভাপতি জনাব কামাল উদ্দিন বলেন, প্রধানমন্ত্রী শিক্ষকদের প্রতি সংবেদনশীল। কিন্তু একটি মহল শিক্ষকদের দিনের পর দিন কষ্ট দিচ্ছে। তিনি এ বিষয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
সভায় ঠিক হয়, ৯ জানুয়ারি মহাসমাবেশের পর পরবর্তী কর্মসূচি ঘোষণার সিদ্ধান্ত হয়। বিজ্ঞপ্তি।