আইন প্রতিমন্ত্রী মো. কামরুল ইসলাম বলেছেন, মুক্তিযুদ্ধকালের মানবতাবিরোধী অপরাধের বিচার সফল পরিণতির দিকে এগোচ্ছে। তিনি আশা করেছেন, ডিসেম্বরের মধ্যে পাঁচ-ছয়জনের বিচার শেষ হবে।গতকাল মঙ্গলবার সচিবালয়ের কার্যালয়ে আইন প্রতিমন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন।আইন প্রতিমন্ত্রী বলেন, বিচার সুষ্ঠুভাবে এগোচ্ছে। ট্রাইব্যুনাল স্বাধীনভাবে কাজ করছে। বিচার ও গবেষণা আলাদা বিষয়। ট্রাইব্যুনাল ও বিচার নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করা উচিত নয়। তিনি বলেন, ট্রাইব্যুনাল ও বিচার নিয়ে প্রশ্ন তুলে বিভ্রান্তিকর কথা বলে বিচারে বাধাদানকারীদের সুযোগ করে দেওয়া উচিত হবে না।‘যুদ্ধাপরাধীদের বিচারের ক্ষেত্রে ট্রাইব্যুনালের প্রয়োজন এবং সরকারের করণীয়’ শীর্ষক গত সোমবারের সংবাদ সম্মেলন প্রসঙ্গে কামরুল ইসলাম বলেন, আয়োজক সংগঠনগুলোর প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই, মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধের বিচারের পক্ষে জনমত সৃষ্টি এবং বিচারের জন্য ট্রাইব্যুনাল গঠন পর্যন্ত তাঁদের অবদান রয়েছে। কিন্তু ট্রাইব্যুনাল সম্পর্কে তাঁরা যেসব প্রশ্ন উত্থাপন করেছেন ও বক্তব্য দিয়েছেন, তা দুঃখজনক।গত সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সহায়ক মঞ্চ, সেক্টর কমান্ডারস ফোরাম, বাংলাদেশ মহিলা পরিষদ, প্রজন্ম ’৭১, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি ও উদীচী শিল্পীগোষ্ঠী ওই সংবাদ সম্মেলনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের জনবল ও অন্যান্য অভাব দূর করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে।