ডিসেম্বরের মধ্যে ভাঙতে হবে ঢাকার ঝুঁকিপূর্ণ ৩২১ ভবন
রাজধানী ঢাকায় ৩২১টি ভবন ঝুঁকিপূর্ণ। আগামী ডিসেম্বরের মধ্যে এসব ভবন ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যে এসব ভবনের পানি, বিদ্যুৎ ও গ্যাস–সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। ডিসেম্বরের মধ্যে ভবনের মালিকেরা না ভাঙলে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় পরবর্তী ব্যবস্থা নেবে।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে আজ এক সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের সচিব শাহ কামাল এসব কথা জানান। ৯ অক্টোবর বেলা ১১টায় এ মন্ত্রণালয়ের উদ্যোগে বাংলাদেশ সচিবালয়ে ভূমিকম্পে করণীয় বিষয়ে এক মহড়া প্রদর্শন উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সচিব শাহ কামাল বলেন, রাজধানীর ঝুঁকিপূর্ণ ভবনগুলোর মধ্যে বাংলাদেশ সচিবালয়ের ৪ নম্বর ভবনসহ দুটি ভবন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ভবন, সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল ভবন ও ফায়ার সার্ভিস বিল্ডিং ঝুঁকিপূর্ণ ভবনের তালিকায় রয়েছে। তবে শিগগিরই এসব ভবনে রেকটিফিটিংয়ের কাজ শুরু হবে বলেও তিনি জানান।
সচিব বলেন, রাজধানী ঢাকার বাইরে বন্দরনগর চট্টগ্রামে ২৪টি, খুলনায় ৪০টি ও সিলেটে ৩১টি ঝুঁকিপূর্ণ ভবন রয়েছে। এর মধ্যে সিলেট মেডিকেল কলেজ হাসপাতাল ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে। তিনি বলেন রাজধানী ঢাকাসহ এসব শহরের ঝুঁকিপূর্ণ ভবনগুলোর মধ্যে যেগুলো হেরিটেজ ভবন, সেগুলো রেকটিফিটিং এবং অন্যগুলো ডিসেম্বরের মধ্যে ভবনমালিকদের ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। উল্লিখিত সময়ের মধ্যে ভবনগুলো ভাঙা না হলে পূর্ত মন্ত্রণালয় পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে। সচিব আরও বলেন, ১০ অক্টোবর সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধির জন্য সদরঘাটে ভূমিকম্পে করণীয় বিষয়ে একটি মহড়া অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহমেদ খান, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব গোলাম মোস্তফা, অতিরিক্ত সচিব জাকির আহমেদ প্রমুখ বক্তব্য দেন।