ডিসেম্বরের মধ্যে সব ইউনিয়নে তথ্য সেবাকেন্দ্র হবে
ই-সার্ভিস চালু করতে দেশের সব উপজেলার সব সরকারি অফিসে কম্পিউটার ও ইন্টারনেট সংযোগ দেওয়া, ডিসেম্বরের মধ্যে সব ইউনিয়ন পরিষদে ইউনিয়ন তথ্য ও সেবাকেন্দ্র (ইউআইএসসি) চালু, অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে বিভাগীয় ডিজিটাল উদ্ভাবনী মেলার আয়োজন এবং সব মন্ত্রণালয়ে ইউনিকোডে বাংলা লিখন চালু করার উদ্যোগ নিচ্ছে সরকার।গতকাল শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত ডিজিটাল বাংলাদেশ বিষয়ক কার্যক্রমের পর্যালোচনা সভায় এসব সিদ্ধান্ত হয়। সরকারের সব মন্ত্রণালয়ের সচিব এবং ই-গভর্নেন্স ফোকাল পয়েন্টরা সভায় অংশ নেন। ইউএনডিপির অর্থায়নপুষ্ট প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রাম এ পর্যালোচনা সভার আয়োজন করে।জনগণের দোরগোড়ায় ডিজিটাল সেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের ৫৩টি সহজসাধ্য উদ্যোগের (কুইক উইন) অগ্রগতি পর্যালোচনা করা হয় সভায়। পাশাপাশি আরও ৩০টি নতুন কুইক উইন উদ্যোগ চিহ্নিত করা হয়। নতুন এ উদ্যোগগুলো বিভাগীয় ডিজিটাল উদ্ভাবনী মেলায় যাতে ডিজিটাল সেবা হিসেবে উপস্থাপন করা যায়, এ বিষয়ে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও বিভাগকে তাগাদা দেওয়া হয়েছে। এ ছাড়া সাইবার নিরাপত্তা ও আইসিটি নীতিমালা-২০০৯ বাস্তবায়নে করণীয় বিষয়ে আলোচনা করা হয় সভায়। ডিজিটাল কার্যক্রম পর্যালোচনা সভায় প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর সংস্থাপন ও প্রশাসনবিষয়ক উপদেষ্টা এইচ টি ইমাম। তিনি সচিবদের সেবার মানসিকতা নিয়ে কাজ করা এবং জনগণের দোরগোড়ায় যাতে দ্রুত ও স্বল্প খরচে সেবা পৌঁছানো যায়, সে জন্য কার্যক্রম হাতে নেওয়ার আহ্বান জানান। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব মো. আবদুল করিমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব আবদুল আজিজ। সমন্বয়কারী হিসেবে এটুআই প্রোগ্রামের জাতীয় প্রকল্প পরিচালক মো. নজরুল ইসলাম খান বিভিন্ন প্রশ্নের জবাব দেন। বিজ্ঞপ্তি।