ডিসেম্বরের মধ্যে সব বস্তিতে পানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি বছরের ডিসেম্বরের মধ্যে রাজধানীর সব বস্তিকে ঢাকা ওয়াসার বৈধ পানি-সংযোগের আওতায় নিয়ে আসা হবে। বিশ্ব পানি দিবস উপলক্ষে গতকাল মঙ্গলবার রাজধানীর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে (ডিপিএইচই) এক সেমিনারে এ তথ্য জানান ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান।
তাকসিম এ খান বলেন, জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের ক্ষেত্রে এই পদক্ষেপ ভূমিকা রাখবে। ইতিমধ্যে ঢাকা ওয়াসার বৈধ পানি-সংযোগ পেয়ে গেছে, এমন বস্তিগুলোর নারীদের মাত্র ১০ মিনিট সময় লাগছে পানি সংগ্রহে। বাকি সময়টা তাঁরা বিভিন্ন কাজে লাগাতে পারছেন।
‘জল-জীবিকার স্বীকৃতি’ শীর্ষক এই সেমিনারে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের সচিব আবদুল মালেক। ডিপিএইচইর প্রধান প্রকৌশলী মো. ওয়ালী উল্লাহর সভাপতিত্বে সেমিনারে বক্তব্য দেন স্থানীয় সরকার বিভাগের পলিসি সাপোর্ট ইউনিটের প্রকল্প পরিচালক কাজি আবদুল নূর, ইউনিসেফের বাংলাদেশ প্রতিনিধি এডওয়ার্ড বেগবেদার। স্বাগত বক্তব্য দেন এনজিও ফোরামের নির্বাহী পরিচালক এস এম এ রশীদ।
সেমিনারের পর কর্ম-অধিবেশনে সভাপতিত্ব করেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক আইনুন নিশাত। এ অধিবেশনে ‘পানি সংশ্লিষ্ট কাজের সঙ্গে মানুষের সম্পৃক্ততা: বাংলাদেশ পরিপ্রেক্ষিত’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন পানি উন্নয়ন বোর্ডের উপপরিচালক আনোয়ার জাহিদ। বাংলাদেশের ভিন্ন ভিন্ন ভৌগোলিক প্রেক্ষাপটে পানি-সংশ্লিষ্ট কাজের চিত্র তুলে ধরেন স্থানীয় সাংবাদিকেরা।