চামড়া শিল্পনগরী পরিদর্শনে ৫ সংগঠন
ডিসেম্বরের মধ্যে সাভারে না গেলে ট্যানারি বন্ধ করার আহ্বান
আগামী ডিসেম্বরের মধ্যে যেসব ট্যানারি সাভারে চামড়া শিল্পনগরীতে যেতে ব্যর্থ হবে, সেগুলোর হাজারীবাগের কারখানা বন্ধ ও সাভারের প্লটের বরাদ্দ বাতিল করার আহ্বান জানিয়েছে পাঁচটি সংগঠন।
এ সংগঠনগুলো হলো বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা), বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা), অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট (এএলআরডি) ও নিজেরা করি। সংগঠনগুলোর শীর্ষস্থানীয় কর্মকর্তারা গতকাল শুক্রবার সাভারের চামড়া শিল্পনগরী পরিদর্শন শেষে সরকারের প্রতি এই আহ্বান জানান। তাঁদের মতে, চামড়া শিল্পনগরীতে বর্জ্য পরিশোধনের ব্যবস্থা সরকার তৈরি করতে পেরেছে। ট্যানারিগুলোই হাজারীবাগ ছাড়তে গড়িমসি করছে।
বেলার নির্বাহী পরিচালক সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ট্যানারিতে উৎপাদিত বর্জ্য পরিশোধনের জন্য কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগার (সিইটিপি) এখন চালু করার পর্যায়ে আছে। যেটুকু কাজ বাকি, তা ডিসেম্বরের মধ্যে শেষ করা সম্ভব। ট্যানারিগুলোর স্থানান্তর এখনই শুরু করা উচিত। তিনি বলেন, ডিসেম্বরের মধ্যে যারা হাজারীবাগ ছাড়তে ব্যর্থ হবে, তাদের ট্যানারি বন্ধ করে দেওয়া উচিত। সাভারের প্লটও বাতিল করা উচিত।
পরিবেশদূষণ এড়াতে রাজধানীর হাজারীবাগের ১৫৪টি ট্যানারি পরিকল্পিত একটি শিল্পনগরীতে নিতে ২০০৩ সালে প্রকল্প নেয় সরকার। সাভারের হেমায়েতপুরের হরিণধরা গ্রামে ধলেশ্বরী নদীর পাশে প্রায় ১৯৯ একর জমিতে চামড়া শিল্পনগরী করা হয়েছে। অধিকাংশ ট্যানারি এখনো সেখানে যাওয়ার মতো অবকাঠামো তৈরি করতে পারেনি। কিছু ট্যানারি সাভারে নিয়ে চামড়া প্রক্রিয়াজাত শুরু করেছে।
গত জুলাইয়ে সুপ্রিম কোর্ট এক রায়ে হাজারীবাগ ছাড়তে ব্যর্থ ট্যানারিগুলোকে প্রতিদিন ১০ হাজার টাকা করে জরিমানা দিতে নির্দেশ দেন।
গতকাল ওই পাঁচ সংগঠনের কর্মকর্তারা চামড়া শিল্পনগরী পরিদর্শনে গিয়ে সিইটিপি ও ক্রোমিয়াম রিকভারি ইউনিট ঘুরে দেখেন। এ সময় সিইটিপি নির্মাণে পরামর্শক দলের প্রধান ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক মো. দেলোয়ার হোসেন বলেন, সিইটিপির চারটি মডিউলের মধ্যে দুটি চালুর উপযোগী হয়েছে। এখন বর্জ্য পেলেই তা পরিশোধন সম্ভব। তবে শিল্পনগরীতে অল্প কিছু ট্যানারি চালু হওয়ায় পর্যাপ্ত বর্জ্য মিলছে না। তিনি বলেন, ক্ষতিকর রাসায়নিক ক্রোমিয়ামযুক্ত বর্জ্য থেকে ক্রোমিয়াম আলাদা করার যন্ত্র বসানোর কাজ শিগগিরই শেষ হবে। তবে ট্যানারির কঠিন বর্জ্য ফেলার জায়গা বা ডাম্পিং ইয়ার্ড নির্মিত হয়নি। এখন যে বর্জ্য উৎপাদিত হবে, তা সিটি করপোরেশন আমিনবাজারে গৃহস্থালি বর্জ্য ফেলার জায়গায় ফেলবে।
সিইটিপি ঘুরে দেখার পর পবার চেয়ারম্যান আবু নাসের খান বলেন, ট্যানারিগুলো না এলে পর্যাপ্ত বর্জ্য পাওয়া যাবে না। সিইটিপি বসিয়ে রাখতে হবে। এ জন্য দ্রুত ট্যানারিগুলো সাভারে আনতে হবে।
বাংলাদেশ ফিনিশড লেদার, লেদারগুডস্ অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিএফএলএলএফইএ) সাবেক সভাপতি এম আবু তাহের বলেন, হাজারীবাগ ছাড়তে কোনো ট্যানারি অনাগ্রহী নয়। তবে অর্থসংকট আছে। চামড়া শিল্পনগরীর জমির মালিকানা এখনো ট্যানারি মালিকদের দেওয়া হয়নি উল্লেখ করে তিনি বলেন, জমি বুঝে পেলে বন্ধক রেখে ব্যাংকঋণ নেওয়া যেত।
পরিদর্শক দলে বাপার মহাসচিব মোহাম্মদ আবদুল মতিন, এএলআরডির নির্বাহী পরিচালক শামসুল হুদা ও নিজেরা করির প্রতিনিধি মো. জালাল উদ্দিন উপস্থিত ছিলেন।