ডিসেম্বরের শুরুতেই চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডিসেম্বরের প্রথম সপ্তাহেই পদ্মা সেতুর দুর্নীতির অনুসন্ধানী চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হবে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান গোলাম রহমান। গতকাল সোমবার সন্ধ্যায় দুদকের কার্যালয়ে সাংবাদিকদের কাছে তিনি এ তথ্য জানান।দুদকের চেয়ারম্যান বলেন, ‘পদ্মা সেতুর দুর্নীতির অনুসন্ধানে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। আশা করছি, আগামী মাসের প্রথম সপ্তাহে কমিশনের চার সদস্যবিশিষ্ট অনুসন্ধানী টিম তাদের চূড়ান্ত প্রতিবেদন দাখিল করতে পারবে। বিশ্বব্যাংক প্যানেল এবং কানাডার সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ হচ্ছে। এ বিষয়ে আমরা অন্ধকারে ছিলাম, এখন আলোর মুখ দেখতে পাচ্ছি। আমরা ইতিবাচক ফলাফল পাচ্ছি।’এদিকে, গতকালও জনতা ব্যাংকের সাতজন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। গতকাল জিজ্ঞাসাবাদ করা হয় স্থানীয় শাখার সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মুসতাক আহমেদ, করপোরেট শাখার এজিএম আবদুস সালাম, ডিজিএম এস এম আবু হেনা মোস্তাফা, রমনা করপোরেট শাখার ডিজিএম মিজানুর রহমান, এজিএম কাজী রইস উদ্দিন আহমেদ, বৈদেশিক বাণিজ্য করপোরেট শাখার ডিজিএম শেখ হায়দার হোসেন ও এজিএম মিজানুর রহমান।দুদক সূত্র জানায়, জালিয়াতির মাধ্যমে হল-মার্ক গ্রুপ প্রায় দুই হাজার ৭০০ কোটি টাকা নেয়। এর মধ্যে সরাসরি সোনালী ব্যাংক থেকে নেওয়া হয় প্রায় এক হাজার ৬০০ কোটি টাকা। সোনালী ব্যাংকের খোলা এলসি দেখিয়ে জনতা ব্যাংক থেকে বাকি টাকা নেওয়া হয় বলে তারা জানায়। এ ক্ষেত্রে সোনালী ব্যাংকের মৌখিক আশ্বাস ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ঋণপত্র ছাড়ের প্রয়োজনীয় নথিতে সই করেন বলে জানান সাত কর্মকর্তা।এর আগে রোববার জনতা ব্যাংকের মতিঝিল স্থানীয় শাখায় সাতজন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করে দুদক।