ডিসেম্বরের শেষে ২৪৫ পৌর নির্বাচন
নিবন্ধিত রাজনৈতিক দলের পরিচয় ও প্রতীকে আগামী ডিসেম্বরের শেষ সপ্তাহে দেশের ২৪৫টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে। এ জন্য চলতি মাসের তৃতীয় সপ্তাহে তফসিল ঘোষণা করা হতে পারে। নির্বাচন কমিশন (ইসি) সচিবালয় সূত্রে এই খবর জানা গেছে।
নির্বাচনের প্রস্তুতি হিসেবে ইসি পৌর নির্বাচন পরিচালনাবিধি ও আচরণবিধির প্রাথমিক খসড়া তৈরি করেছে। সে অনুযায়ী রাষ্ট্রের অতিগুরুত্বপূর্ণ ব্যক্তিরা সরকারি সুবিধা ব্যবহার করে নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারবেন না। প্রচার উপকরণে প্রার্থীর নিজের ও দলীয় প্রধানের ছবি এবং প্রতীক ছাড়া অন্য কারও ছবি ব্যবহার করা যাবে না।
ইসি সচিবালয়ের সচিব সিরাজুল ইসলাম গতকাল মঙ্গলবার প্রথম আলোকে বলেন, ১২ নভেম্বরের মধ্যে নির্বাচন পরিচালনাবিধি, আচরণবিধি চূড়ান্ত করাসহ অনেক কাজ শেষ করা সম্ভব হলে ডিসেম্বরের শেষ সপ্তাহে নির্বাচন করা সম্ভব হবে।
সংশোধিত আইন: সংশোধিত স্থানীয় সরকার (পৌরসভা) আইনের ২ ধারা সংশোধন করে বলা হয়েছে, রাজনৈতিক দল মানে গণপ্রতিনিধিত্ব আদেশে সংজ্ঞায়িত নিবন্ধিত রাজনৈতিক দল। স্বতন্ত্র প্রার্থী বলতে বোঝানো হয়েছে যে প্রার্থী কোনো রাজনৈতিক দল থেকে মনোনীত নন।
২০ ধারা সংশোধন করে বলা হয়েছে, কোনো পৌরসভার মেয়র ও কাউন্সিলর পদে নির্বাচনে অংশগ্রহণের জন্য কোনো ব্যক্তিকে রাজনৈতিক দলের মনোনীত অথবা স্বতন্ত্র প্রার্থী হতে হবে।
সংশোধিত এই আইন অনুযায়ী নিবন্ধিত ৪০টি রাজনৈতিক দলের প্রার্থীরা দলীয় পরিচয়ে নির্বাচন করতে পারবেন।
প্রস্তাবিত আচরণবিধি: পথসভা ও ঘরোয়া সভা ছাড়া জনসভা বা শোভাযাত্রা করা যাবে না। সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন সৃষ্টি করে পথসভা বা সভামঞ্চ করা যাবে না। পথসভা বা ঘরোয়া সভা করতে হলে কমপক্ষে ২৪ ঘণ্টা আগে সভার স্থান ও সময় সম্পর্কে স্থানীয় পুলিশ প্রশাসনকে জানাতে হবে।
সরকারি সুবিধাভোগী অতিগুরুত্বপূর্ণ ব্যক্তিরা (ভিভিআইপি) নির্বাচনী প্রচারণায় অংশ নিলে সরকারি গাড়ি বা অন্যান্য সরকারি সুবিধা ভোগ করতে পারবেন না এবং ভোট দেওয়া ছাড়া অন্য কোনো কাজে ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবেন না।
ভিভিআইপি বলতে প্রধানমন্ত্রী, সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার, মন্ত্রী, চিফ হুইপ, বিরোধীদলীয় নেতা, সংসদ উপনেতা, বিরোধীদলীয় উপনেতা, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী বা তাঁদের সমমর্যাদার কোনো ব্যক্তি, হুইপ, সিটি করপোরেশনের মেয়র ও সংসদ সদস্যকে বোঝানো হয়েছে। তবে এই তালিকায় উপজেলা চেয়ারম্যানদের নামও অন্তর্ভুক্ত করা হতে পারে।
নির্বাচনী প্রচারকাজে হেলিকপ্টার বা কোনো ধরনের আকাশযান ব্যবহার করা যাবে না। তবে দলীয় প্রধানের যাতায়াতের জন্য তা ব্যবহার করা যাবে।
কোনো প্রার্থী বা তাঁর পক্ষে কোনো ব্যক্তি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করলে তিনি সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ডে বা সর্বোচ্চ ৫০ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। কোনো প্রার্থী বা তাঁর এজেন্ট নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করলে এবং তা কমিশনের তদন্তে প্রমাণিত হলে কমিশন সেই ব্যক্তির প্রার্থিতা বাতিল করতে পারবে।
প্রার্থী চূড়ান্ত করার প্রক্রিয়া: নির্বাচন পরিচালনাবিধিতে বলা হয়েছে, দলের পক্ষে একাধিক ব্যক্তি মনোনয়নপত্র জমা দিতে পারবেন। প্রতীক বরাদ্দের দিন দল থেকে একজন প্রার্থীকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হবে। সে ক্ষেত্রে দলীয় প্যানেলের অন্য প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল হয়ে যাবে। দলীয় প্রধান বা দলের সাধারণ সম্পাদক প্রার্থী চূড়ান্ত করার ক্ষমতা সংশ্লিষ্ট দলের জেলা কমিটিকে দিতে পারবেন।
স্বতন্ত্র প্রার্থী হতে হলে মেয়রদের ক্ষেত্রে ২০০ জন এবং কাউন্সিলর প্রার্থীর ক্ষেত্রে ১৫০ জনের সমর্থনসূচক সই সংগ্রহ করে মনোনয়নপত্রের সঙ্গে জমা দিতে হবে।