ডুবছে লোকালয়, ফসলের খেত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বন্যাকবলিত নীলফামারীর ডিমলা উপজেলার ছোটখাতা গ্রাম। পানি কিছুটা কমতে থাকায় ঘরে ফিরছেন উপদ্রুত মানুষজন। বুধবার বিকেলে ছবিটি তোলা l প্রথম আলো
বন্যাকবলিত নীলফামারীর ডিমলা উপজেলার ছোটখাতা গ্রাম। পানি কিছুটা কমতে থাকায় ঘরে ফিরছেন উপদ্রুত মানুষজন। বুধবার বিকেলে ছবিটি তোলা l প্রথম আলো

নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় কুড়িগ্রাম, সিরাজগঞ্জ ও গাইবান্ধাসহ দেশের উত্তরাঞ্চলের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। ফলে নতুন করে ডুবছে গ্রাম-লোকালয় আর ফসলের খেত। পানিবন্দী হয়ে পড়ছে লাখো মানুষ। বিশুদ্ধ খাওয়ার পানির সংকট ছাড়াও তাদের পোহাতে হচ্ছে সীমাহীন দুর্ভোগ।
গতকাল বৃহস্পতিবার এলাকা ঘুরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর জানিয়েছেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিরা।

কুড়িগ্রাম: কুড়িগ্রামের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। পানিতে তলিয়ে গেছে নয়টি উপজেলার ৬৩ ইউনিয়নের ৫৫০টি গ্রাম। পানিবন্দী হয়ে পড়েছে তিন লাখের বেশি মানুষ। প্রায় ৫০ হাজার মানুষ বসতভিটা ছেড়ে উঁচু বাঁধ ও সড়কে আশ্রয় নিয়েছে। পর্যাপ্ত ত্রাণের অভাবে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকটে পড়েছে বন্যাদুর্গতরা। স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মাহফুজুর রহমান গতকাল প্রথম আলোকে বলেন, গত ২৪ ঘণ্টায় সেতু পয়েন্টে ধরলা নদীর পানি ৩ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৪৮ সেন্টিমিটার, চিলমারী পয়েন্টে ব্রহ্মপুত্র নদের পানি ১৮ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. শওকত আলী সরকার বলেন, প্রায় ৫৩ হাজার হেক্টর জমির আমন ধান তলিয়ে গেছে। ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। চিলমারী উপজেলার রানীগঞ্জ ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মো. মঞ্জুরুল ইসলাম বলেন, ‘ত্রাণের দুই মেট্রিক টন চাল পেয়েছিলাম। তা দুই শতাধিক মানুষের মাঝে বিতরণ করা হয়েছে।’

গাইবান্ধা: গত বুধবার বিকেল পাঁচটা থেকে গতকাল বিকেল পাঁচটা পর্যন্ত ২৪ ঘণ্টায় সাতটি উপজেলার আরও ১১টি ইউনিয়ন প্লাবিত হয়েছে। এ নিয়ে সাতটি উপজেলার ৭৩টি ইউনিয়নের দুই লাখেরও বেশি মানুষ পানিবন্দী হলো। অনেকে বিভিন্ন বন্যানিয়ন্ত্রণ বাঁধ, উঁচু জায়গা ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আশ্রয় নিয়েছে। গাইবান্ধা পাউবোর নির্বাহী প্রকৌশলী আবদুল আউয়াল মিয়া জানিয়েছেন, গতকাল ব্রহ্মপুত্র নদের পানি ২৫ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ২৮ সেন্টিমিটার এবং ঘাঘট নদীর পানি ২৭ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। এতে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে ৩০৫ মেট্রিক টন চাল ও ৬ লাখ ৭১ হাজার টাকা ক্ষতিগ্রস্তদের মধ্যে বিতরণের কাজ চলছে।

সিরাজগঞ্জ: যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। জেলার যমুনা নদীর তীরের পাঁচটি উপজেলার চর এলাকাসহ নিচু এলাকা নতুন করে প্লাবিত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় যমুনা নদীর সিরাজগঞ্জ হার্ড পয়েন্টে ১৪ সেন্টিমিটার বৃদ্ধি
পেয়ে গতকাল বিপৎসীমার ৪৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। সিরাজগঞ্জ সদর ও কাজীপুর, চৌহালী, বেলকুচি, শাহজাদপুর, উপজেলার ১ লাখের বেশি মানুষ পানিবন্দী হয়ে পড়েছে।

আদমদীঘি ও ধুনট (বগুড়া): বগুড়ার আদমদীঘি উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গতকাল উপজেলার রক্তদহ বিল এলাকায় গিয়ে দেখা যায়, আত্রাই ও যমুনা নদীর ভেঙে যাওয়া বাঁধ ও সড়ক মেরামত করতে না পারায় প্রবল বেগে পানি ঢুকছে রক্তদহ বিল ও বিল পাশের এলাকায়। উপজেলা কৃষি কর্মকর্তা শাহাদুজ্জামান জানিয়েছেন, গত বুধবার পর্যন্ত বিলের আশপাশের এলাকায় প্রায় আড়াই হাজার হেক্টর আমন খেত তলিয়ে যায়। পানি প্রায় দুই সপ্তাহ ধরে বৃদ্ধি পাওয়ায় খেতের ধান নষ্ট হওয়ার আশঙ্কা অনেক বেশি।

এদিকে ধুনট উপজেলার যমুনা, ইছামতী, বাঙ্গালী নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এতে উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নে যমুনা নদীর বন্যানিয়ন্ত্রণ বাঁধের পূর্ব পাশে শিমুলবাড়ি, রাধানগর, বৈশাখীসহ ১২ গ্রামের প্রায় ৩ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। বগুড়া পাউবোর সহকারী প্রকৌশলী হারুনর রশিদ বলেন, গত ২৪ ঘণ্টায় যমুনা নদীর পানি ২৫ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৫৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

সরিষাবাড়ী (জামালপুর): উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। পাঁচটি ইউনিয়নের ২৫টি গ্রামের ১০ হাজার পানিবন্দী মানুষ মানবেতর জীবনযাপন করছে। এসব এলাকার অনেক পরিবার উঁচু স্থানে, সড়কের বাঁধে ও অন্যের বাড়িতে আশ্রয় নিয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা সূত্রে জানা গেছে, প্রায় ১ হাজার ৪০০ হেক্টর রোপা-আমন খেত পানিতে তলিয়ে গেছে।

সিলেট: বৃষ্টিপাত অব্যাহত থাকায় জেলার গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ, বিয়ানীবাজার, গোলাপগঞ্জ, বালাগঞ্জ, ফেঞ্চুগঞ্জ, কানাইঘাট, জৈন্তাপুর ও দক্ষিণ সুরমা উপজেলার বন্যা পরিস্থিতির উন্নতি হয়নি। গতকালও প্লাবিত হয়েছে সিলেটের অর্ধশতাধিক গ্রাম। জেলার সুরমা ও কুশিয়ারা নদীর পানি বিপৎসীমার ৫২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে পাউবোর কর্মকর্তারা নিশ্চিত করেছেন।

বিশ্বনাথ উপজেলায় গত বুধবার রাতেই বন্যার পানিতে তলিয়ে যায় আরও ৭৩০ হেক্টর জমির আমন ধান। এ ছাড়া ডুবে গেছে আরও সড়ক, পুকুর ও মৎস্য খামার। ইউএনও মুহাম্মদ আসাদুল হক বলেন, বন্যায় ক্ষতিগ্রস্তদের সহযোগিতা দিতে একটি তালিকা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।

সুনামগঞ্জ: সাতটি উপজেলার নিচু এলাকায় বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। এসব উপজেলার দুই শতাধিক গ্রামে বন্যার পানি উঠেছে। সুনামগঞ্জ পাউবোর উপবিভাগীয় প্রকৌশলী মামুন হালদার বলেন, গত দুই দিন ভারী বৃষ্টি না হওয়ায় পানি কিছুটা কমেছে। তা সত্ত্বেও সুরমা নদীর পানি বিপৎসীমার ৫১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে।

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া): উপজেলার নিচু এলাকায় বন্যার পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গতকাল সরেজমিন দেখা যায়, সদর, চুন্টা, কালীকচ্ছ, নোয়াগাঁও ও পানিশ্বর ইউনিয়নের নিচু এলাকায় পানি থইথই করছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় সূত্রে জানা গেছে, গতকাল পর্যন্ত ১২০ হেক্টর বীজতলা ও ৩০ হেক্টর সদ্য রোপা আমন পানিতে তলিয়ে গেছে। পানির তোড়ে সরাইল-অরুয়াইল সড়কের বিভিন্ন অংশে ভাঙন শুরু হয়েছে। ইতিমধ্যে উপজেলার অভ্যন্তরীণ একাধিক পাকা সড়ক তলিয়ে গেছে। ইউএনও মোহাম্মদ এমরান হোসেন বলেন, ‘সার্বিক পরিস্থিতি সম্পর্কে আমরা খোঁজখবর রাখছি। ক্ষতিগ্রস্তদের সহায়তা দিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি।’