ডুবতে ডুবতে রক্ষা পেল লঞ্চটি
রাতে মাঝনদীতে হঠাৎ জেনারেটর বন্ধ হয়ে বিদ্যুৎহীন হয়ে পড়ে লঞ্চটি। অন্ধকারে সে এক ভুতুড়ে পরিবেশ! এ অবস্থায় চলতে থাকা লঞ্চটি বালু চরের সঙ্গে ধাক্কা খেয়ে কাত হয়ে যায়। ছিটকে পড়ে যাত্রীরা। আতঙ্কে চিৎকার শুরু করে লঞ্চে থাকা শত শত যাত্রী।
গতকাল মঙ্গলবার রাত পৌনে ১০টায় ঢাকা থেকে চাঁদপুরগামী ‘এমভি সোনার তরী-৫’ নামের যাত্রীবাহী একটি লঞ্চ মেঘনার মাঝনদীতে হঠাৎ জেনারেটর বন্ধ হয়ে বিদ্যুৎহীন হয়ে পড়ে। এ অবস্থায়ই লঞ্চে থাকা দুই শতাধিক যাত্রী নিয়ে লঞ্চটি চাঁদপুরে পৌঁছাতে গিয়ে দুবার দুর্ঘটনার শিকার হয়। অল্পের জন্য ডুবে যাওয়া থেকে রক্ষা পায়। প্রথম আলোর এই প্রতিনিধি ওই লঞ্চের যাত্রী ছিলেন। খবর পেয়ে রাত সাড়ে ১১টার দিকে চাঁদপুরের জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান অতিরিক্ত ম্যাজিস্ট্রেট ও নৌ-পুলিশের একটি দল নিয়ে মাঝনদীতে লঞ্চে আসেন এবং লঞ্চটি চাঁদপুর ঘাটে ভিড়িয়ে আতঙ্কিত যাত্রীদের নামিয়ে আনেন। এ ঘটনায় লঞ্চের মালিক, মাস্টারসহ তিনজনকে অভিযুক্ত করে মামলা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, লক্কড়ঝক্কড় মানের যাত্রীবাহী ত্রিতল লঞ্চ এমভি সোনার তরী-৫ দুই শতাধিক যাত্রী নিয়ে ঢাকা থেকে গতকাল মঙ্গলবার রাত পৌনে আটটায় চাঁদপুরের উদ্দেশে রওনা হয়। লঞ্চটি রাত পৌনে ১০টায় মতলব উত্তর উপজেলার ষাটনল এলাকা অতিক্রমের সময় হঠাৎ লঞ্চের জেনারেটর নষ্ট হয়ে যায়। লঞ্চের ভেতর পুরো অন্ধকার হয়ে যায়। ২০ থেকে ২৫ মিনিট এমন থাকার পর যাত্রীরা চিৎকার চেঁচামেচি শুরু করে। এ অবস্থায় রাত সাড়ে ১০টায় লঞ্চটি মতলব উত্তরের একলাসপুরের কাছে পৌঁছালে বালু বহনকারী একটি বাল্কহেডের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হতে যায়। চালক লঞ্চটিকে সরিয়ে আনলেও ডুবন্ত বালুচরের সঙ্গে তা ধাক্কা লেগে অনেকটা কাত হয়ে যায়। অনেক যাত্রী ছিটকে পড়ে আহত হয়। এ অবস্থায় লঞ্চটি অন্ধকারে চাঁদপুর সদরের রাজরাজেশ্বর এলাকায় রাত পৌনে ১১টায় আরেকটি ডুবন্ত বালুচরে ধাক্কা খায়। এ সময়ও কয়েকজন যাত্রী লঞ্চে ছিটকে পড়ে আহত হয়।
ওই লঞ্চের যাত্রী চাঁদপুর অগ্রণী ব্যাংক নতুন বাজার শাখার ব্যবস্থাপক এম কে মজিবুর রহমান বলেন, ‘যাত্রীদের প্রায় দুই ঘণ্টা অন্ধকারে রেখে এলোপাতাড়ি চালিয়ে নিয়ে আসা হয়েছে। আল্লাহ আমাদের বাঁচিয়ে চাঁদপুরে ফিরিয়ে এনেছেন।’
আরেক যাত্রী শহরের ব্যবসায়ী জাবেদ আহমেদ লঞ্চটির রুট পারমিট বাতিলসহ দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
লঞ্চের মাস্টার মো. দাউদ হোসেন জানান, হঠাৎ করে লঞ্চের জেনারেটর নষ্ট হয়ে যাওয়ায় এই অবস্থার সৃষ্টি হয়।
জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান বলেন, ‘মাঝনদীতে জেনারেটর নষ্ট হয়ে যাওয়ায় লঞ্চে থাকা যাত্রীরা অত্যন্ত ঝুঁকিতে ছিলেন। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে ছুটে যাই। লঞ্চের কাগজপত্র জব্দ ও চালককে আটক করা হয়েছে।’
পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়েশা আক্তারের নির্দেশে লঞ্চের মালিক, মাস্টার ও চালককে অভিযুক্ত করে মেরিন আদালতে মামলা করা হয়।