
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের রাবার প্রকল্পের কারখানার শ্রমিকেরা ছয় মাস ও কষ আহরণকারী চাষিরা দুই মাস ধরে বেতন-ভাতা পাচ্ছেন না। কষ আহরণের মৌসুমে বেতন বন্ধ থাকায় হতাশ তাঁরা। বাজারে রাবারের দাম কমে যাওয়ায় প্রকল্প ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, ১৯৮২ সালে উপজেলায় ছয়টি ব্লকে ১ হাজার ২০০ একর জমিতে ২৮ হাজার রাবারগাছ রোপণ করা হয়। এর মধ্যে অযত্নে-অবহেলায় ও আগুনে প্রায় আট হাজার রাবারগাছ নষ্ট হয়। বাকি দুই হাজার রাবারগাছ থেকে ১৯৯১ সালে কষ আহরণ শুরু হয়। এসব রাবার–বাগান রক্ষণাবেক্ষণ ও কষ আহরণ করার জন্য ৩০০ পরিবারকে প্ল্যান্টার (বাগান রক্ষণাবেক্ষণকারী) বা চাষি হিসেবে দায়িত্ব দেওয়া হয়। প্রতি পরিবারকে চার থেকে পাঁচ একর বাগান বন্দোবস্ত দেওয়ার কথা ছিল। কিন্তু এখনো কাগজপত্র বুঝিয়ে না দেওয়ায় অধিকাংশ প্ল্যান্টার বাগান ছেড়ে চলে গেছেন।
বর্তমানে প্ল্যান্টারের সংখ্যা কমে এখন দাঁড়িয়েছে ৮৭–তে। প্রথম দিকে এক কেজি কষের জন্য ২৪ টাকা করে দেওয়া হতো। এখন দেওয়া হচ্ছে ১৭ টাকা করে। বর্তমানে দৈনিক দুই হাজার কেজি কষ আহরণ করা হয়।
কষ আহরণকারী ও কারখানার শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড রাবার প্রকল্প শুরু করার আগে স্থানীয় অধিবাসীদের সঙ্গে চুক্তি করেছিল। চুক্তিতে উৎপাদিত রাবার বিক্রি করে যা আয় হবে, তার ৬০ শতাংশ কষ আহরণকারী আর ৪০ শতাংশ পাবে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ। কিন্তু আয়ের সর্বোচ্চ ২৫ শতাংশ পাচ্ছেন আহরণকারীরা। বাজারে হঠাৎ রাবারের দাম পড়ে যাওয়ায় আহরণকারীরা গত বছরের ফেব্রুয়ারি থেকে কষ আহরণ বন্ধ করে দেন। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সঙ্গে অনেক দেনদরবারের পর গত সেপ্টেম্বর মাস থেকে কষ আহরণ শুরু করা হয়। এরপর সেপ্টেম্বর মাসে বেতন-ভাতা পেলেও গত দুই মাস ধরে বেতন বন্ধ রয়েছে কষ আহরণকারীদের।
এদিকে রাবার কারখানার আটজন শ্রমিক ও চার কর্মকর্তা-কর্মচারী ছয় মাস ধরে বেতন-ভাতা পাচ্ছেন না।
সরেজমিনে দেখা গেছে, বাঘাইছড়ি ইউনিয়নে রাবার–বাগানে কষ আহরণকারীরা গাছ কেটে কষ সংগ্রহ করছেন। গাছের কষ একত্র করে বালতিতে নিয়ে নির্দিষ্ট স্থানে ওজন করা হচ্ছে। সংগ্রহ করা তরল রাবার চলে যাচ্ছে বাগান থেকে তিন কিলোমিটার দূরে অবস্থিত কারখানায়।
কষ আহরণকারীর দলনেতা আলো কুসুম চাকমা বলেন, ‘কষ আহরণের ভরা মৌসুম এখন। সারা বছর কষ পাওয়া গেলেও অক্টোবর থেকে মার্চ পর্যন্ত কষ বেশি পাওয়া যায়। কিন্তু আমাদের বেতন-ভাতা বাকি পড়ায় সংসার চালাতে হিমশিম খাচ্ছি।’
কারখানার শ্রমিক নীলাময় চাকমা বলেন, ‘ছয় মাস ধরে বেতন পাচ্ছি না। কবে নাগাদ বেতন পাব, কর্তৃপক্ষ স্পষ্ট কিছু বলছে না।’
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের রাবার প্রকল্পের বাঘাইছড়ি ভারপ্রাপ্ত ব্যবস্থাপক মুকুট ত্রিপুরা বলেন, ‘উন্নয়ন বোর্ডের অধীনে হলেও রাবার প্রকল্পটি আলাদা। রাবার বিক্রি করে শ্রমিক কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা যাবতীয় খচর মেটানো হতো। কিন্তু বাজারে রাবারের দাম কমে যাওয়ায় ঠিকমতো বেতন-ভাতা দেওয়া যাচ্ছে না। এর ফলে রাবার প্রকল্পটির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।’