ডুবতে বসেছে বাসস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

অনুমোদিত জনবল ১৬৫, কর্মরত আছেন ৩৩৮ জন। ৭৫ জন খণ্ডকালীন জেলা প্রতিনিধির বেতন বন্ধ প্রায় ছয় মাস ধরে। প্রধান কার্যালয়ের বেতন-ভাতা চালু আছে জোড়াতালি দিয়ে। নিজস্ব আয় বছরে প্রায় দেড় কোটি টাকা। এ বছর সরকার দিয়েছে ১৭ কোটি টাকার বেশি। এটা হলো সরকারি বার্তা সংস্থা বাসেসর চিত্র।
প্রয়োজনের অতিরিক্ত নিয়োগ, ইচ্ছেমতো পদোন্নতি, দলবাজি ও প্রশাসনিক বিশৃঙ্খলায় ডুবতে বসেছে বাংলাদেশ সংবাদ সংস্থা বা বাসস। বিশেষ বরাদ্দ ছাড়া এখন আর চলতে পারছে না সংস্থাটি। সরকারের কাছ থেকে নিয়মিত অর্থ পাওয়ার পরও প্রায় সাড়ে ছয় কোটি টাকার দেনা মাথায় ঝুলছে।
বাসসের বার্ষিক প্রতিবেদন ও বিভিন্ন নথি ঘেঁটে জানা যায়, সাংবাদিক-কর্মচারীদের বেতন-ভাতা চালু রাখতে গিয়ে মাঝেমধ্যেই ভবিষ্য তহবিল (প্রভিডেন্ট ফান্ড) থেকে টাকা তোলা হচ্ছে। আবার এই তহবিলে নিয়মিত টাকা জমা রাখাও সম্ভব হচ্ছে না। এক বছর ধরে প্রায় সবারই চিকিৎসা ভাতা বন্ধ। এএফপি, সিনহুয়াসহ বিদেশি কয়েকটি সংবাদ সংস্থার গ্রাহক ফি নিয়মিত শোধ করতে পারছে না বাসস কর্তৃপক্ষ। ফি দিতে না পারায় এর আগে সংবাদ সরবরাহ বন্ধ করে দিয়েছে রয়টার্স।
অনুসন্ধানে দেখা গেছে, রাজনৈতিক পরিচয় ছাড়াও বয়স বিবেচনায় উঁচু পদে এবং উচ্চ বেতনে নিয়োগ দেওয়া হচ্ছে। যোগ্যতার চেয়ে এক বা একাধিক গ্রেড নিয়েছেন প্রায় ১০০ জন সাংবাদিক ও কর্মকর্তা।
জনবল সুষ্ঠুভাবে ব্যবহার করতে না পারলেও কয়েক বছর ধরে আরও কর্মী নিয়োগের চেষ্টা করছে বাসস কর্তৃপক্ষ। তথ্য ও জনপ্রশাসন মন্ত্রণালয় নতুন আরও ১০৫টি জনবল অনুমোদন দিয়েছে। এই জনবল অপরিহার্য উল্লেখ করে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবুল কালাম আজাদ বলেন, বিষয়টি অর্থ মন্ত্রণালয়ে যাওয়ার প্রক্রিয়ায় রয়েছে। অতীতের সব অনিয়মকে দৃষ্টান্ত হিসেবে ধরে নিয়ে বাসসে সরকার-সমর্থক সাংবাদিকদের ইউনিট গ্রেড-১ ও বিশেষ গ্রেড দেওয়ার জন্য ৪০ জনের তালিকা তৈরি করে তা বাস্তবায়নের জন্য চাপ দিচ্ছে। আর সরকারবিরোধী ইউনিট সবার পদোন্নতি দেওয়ার দাবি তুলে বলেছে, কিছু কর্মীকে বঞ্চিত করা চলবে না। এ বিষয়ে এমডি প্রথম আলোকে বলেন, এমন চাপের কাছে তিনি মাথা নত করবেন না।
এই প্রেক্ষাপটে সরকার-নিযুক্ত ১১ সদস্যের পরিচালনা বোর্ড নীরব দর্শক। বোর্ডের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী এবং প্রধানমন্ত্রীর সাবেক প্রেস সচিব ও বাসসের এমডি আবুল কালাম আজাদের মধ্যে বিরোধের জের ধরে বোর্ড নিষ্ক্রিয় হয়ে পড়েছে। বোর্ড সদস্যরা সভায় যোগ দিলেই তিন হাজার টাকা সম্মানী পেতেন, এখন তা বাড়িয়ে পাঁচ হাজার টাকা করা হয়েছে। এ নিয়েও প্রশ্ন উঠেছে।
সংস্থায় সংকট চললেও চার মাস ধরে বোর্ডের সভা হচ্ছে না। চেয়ারম্যান চাইলেও এমডি বোর্ড সভা ডাকছেন না। আগামী সেপ্টেম্বরে এই বোর্ডের মেয়াদ শেষ হবে, তত দিন কোনোভাবে সময় পার করতে চান এমডি।
জানতে চাইলে এমডি বলেন, অপ্রয়োজনীয় বোর্ডসভা করতে চাই না। একেকটি সভা করতে খরচ হয় ৮০ হাজার টাকা।
এ প্রসঙ্গে জানতে চাইলে ইকবাল সোবহান চৌধুরী বলেন, বোর্ডকে না জানিয়ে, বোর্ডের মতামত ছাড়াই একক সিদ্ধান্তে এমন কিছু সিদ্ধান্ত হয়েছে, যা দুঃখজনক।
এ প্রসঙ্গে বোর্ড সদস্য মোস্তাক মোবারকী বলেন, এমডির অনিয়ম-দুর্নীতির বিষয়গুলো আলোচনায় আসবে, তাই সভা ডাকা হচ্ছে না। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জেলা প্রতিনিধিরা এক থেকে দেড় বছর ধরে বেতন-ভাতা পাচ্ছেন না। অথচ এমডি গত ফেব্রুয়ারিতে যোগ দিয়েই মার্চে দুই ভাগনেকে একসঙ্গে কর্মচারী হিসেবে নিয়োগ দেন। ছয় মাস না যেতেই তাঁদের চাকরি স্থায়ী হয় এবং এরপর তিন মাস না যেতেই তাঁদের পদোন্নতি দেওয়া হয়। এঁদের একজনকে রেফারেন্স সহকারী, অপরজনকে সিস্টেম সুপারভাইজার পদ দেওয়া হয়েছে।
বাসসের নথি পর্যালোচনা করে এই তথ্যের সতত্যা মেলে। সংস্থাটির সরকার-সমর্থক সাংবাদিকদের ইউনিট সভায়ও বিষয়টি নিয়ে সমালোচনা হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে এমডি আবুল কালাম আজাদ বলেন, এটা ছোট চাকরি। এমডি এ পদে নিয়োগ দেওয়ার এখতিয়ার রাখেন।
বাসসের সাংবাদিক-কর্মচারীদের কয়েকজন জানান, চেয়ারম্যান ও এমডির দ্বন্দ্ব, পাঁচ খণ্ডকালীন সাংবাদিককে চাকরিচ্যুত করার পর আবার বহাল করা, এমডির দুই ভাগনেকে চাকরি দেওয়া এবং বোর্ডের সঙ্গে পরামর্শ না করে এককভাবে ব্যবস্থাপনা সম্পাদক নিয়োগ দেওয়ায় ক্ষোভ-বিক্ষোভে সেখানে অস্থিরতা চলছে।
নব্বই-পরবর্তী সময়ে বিএনপি ও আওয়ামী লীগ সরকারের মেয়াদগুলোতে রাজনৈতিক বিবেচনায় বাড়তি ও অযোগ্য জনবল নিয়োগ, নিয়ম লঙ্ঘন করে দফায় দফায় পদোন্নতি এবং স্বজনপ্রীতিসহ নানা অব্যবস্থাপনার জের ধরে বাসসের আর্থিক সক্ষমতা ও গুণগত মান এমনিতেই তলানিতে গিয়ে ঠেকেছে। তার ওপর প্রশাসনিক এ সংকটে বাসস ক্রান্তিকালে পড়েছে।

বাসসে জনবল
বাসসে জনবল

বয়সের তাড়া নেই: নির্দিষ্ট বয়স অতিক্রম করা প্রায় ৬৫ থেকে ৭০ জন সাংবাদিক-কর্মচারী বিভিন্ন সময়ে বাসসে নিয়োগ পেয়েছেন। ২০১১ সাল পর্যন্ত এখানে চাকরিবিধি লঙ্ঘন করে বেশি বয়সের ৪৮ জন সাংবাদিক ও ১৩ কর্মকর্তা-কর্মচারীকে নিয়োগ দেওয়া হয়। ২০১২ সালে পরিচালনা বোর্ডের ১৩০তম সভায় তাঁদের নিয়োগকালীন বয়স মানবিক দৃষ্টিতে মার্জনা করে নির্দিষ্ট বয়সের বেশি কাউকে ভবিষ্যতে নিয়োগ না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
নিজের তৈরি সেই সিদ্ধান্তও মানেনি বাসস। গত ২৩ জুলাই ৫৮ বছর বয়স্ক একজন সাংবাদিককে ১ নম্বর গ্রেডে নিয়োগ দেওয়া হয়েছে এবং তিনি তথ্যমন্ত্রীর ঘনিষ্ঠ বলে পরিচিত। আবার বয়স বেশি হওয়ার কারণ দেখিয়ে একজন জ্যেষ্ঠ সাংবাদিককে চাকরিচ্যুত করা হয়েছে।
৩৩ জন বিশেষ গ্রেডে, ১০ জন পরামর্শক: বাসসে বিশেষ গ্রেডে কর্মরত আছেন ৩৩ সাংবাদিক-কর্মকর্তা, যাঁদের অধিকাংশই এই পদের জন্য যোগ্য নন। এ-সম্পর্কিত প্রশ্নের জবাবে সাবেক একজন এমডি বলেন, ‘যোগ্যতার বিষয়টি আপেক্ষিক, বিশেষ গ্রেড পেতে সংস্থায় টানা ২৭ বছর চাকরি করার কথা। কিন্তু এঁদের ২৫ জনই ১৩ বছরে ওই গ্রেড পেয়েছেন। অথচ বিশেষ গ্রেড পেতে ২৫ বছর চাকরি করতে হয়েছে, এমন নজিরও আছে।
জনবলকাঠামোর বাইরে বাসসে সংবাদ পরামর্শক নেওয়া হয়েছে ১০ জন। তাঁদের প্রত্যেককে মাসে ৫০ হাজার টাকা দেওয়া হয়। এঁদের মধ্যে এমন কয়েকজন অখ্যাত পরামর্শক আছেন, যাঁদের এ কাজের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা বা অভিজ্ঞতা নেই। বিষয়টি বিব্রতকর বলে মন্তব্য করে এমডি বলেন, তাঁদের কাজে লাগানোর চেষ্টা চলছে।
সার্বিক বিষয়ে এমডি আবুল কালাম আজাদ বলেন, দীর্ঘদিনের সংকটকবলিত সংবাদ সংস্থাটি তিনি রক্ষার চেষ্টা করছেন। তাঁর দাবি, দায়িত্ব নেওয়ার পর মাসে অতিরিক্ত কাজের পারিশ্রমিক দিতে হতো ১০-১২ লাখ টাকা, এটি দুই লাখ টাকায় নামিয়ে এনেছেন। বাসসের সংবাদ সরবরাহ করার সংখ্যাও আগের তুলনায় বেড়েছে বলে জানান তিনি।
একটি নিয়োগে অস্থির বাসস: সম্প্রতি বাসসে জ্যেষ্ঠ ১৫ জনকে ডিঙিয়ে ব্যবস্থাপনা সম্পাদক পদে নিয়োগ দেওয়া হয়। কর্মচারী ইউনিয়ন এর প্রতিবাদ করলে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ ঘটনার জের ধরে অনাস্থা আনার আয়োজন করে কর্মচারী ইউনিয়নের কমিটি ভেঙে দেওয়া হয়েছে।
জানতে চাইলে বাসসের কর্মকর্তা-কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. কামালউদ্দিন বলেন, ‘আমরা আন্দোলন করেছি একজন ব্যক্তির বিরুদ্ধে, যিনি সব সময় কর্মকর্তা-কমর্চারীদের বিপক্ষে ছিলেন এবং তাঁদের বঞ্চিত করেছেন। কিন্তু আমাদের সরকারবিরোধী বলে অপপ্রচার করে, ভয়ভীতি দেখিয়ে আমাদের ইউনিয়ন ভেঙে দিয়ে এবং সাংবাদিকদের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটিয়ে অরাজক পরিস্থিতি তৈরি করা হয়েছে।’
এমডির দাবি, অস্থায়ী এই নিয়োগে নিয়ম লঙ্ঘন হয়নি। তা ছাড়া কাকে দিয়ে কোন কাজ হবে এটি তিনি বোঝেন এবং বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার এখতিয়ার তাঁরই।
আর চেয়ারম্যান বলেন, সংস্থায় এমন একটি বড় পদে নিয়োগ হবে, আর চেয়ারম্যানসহ বোর্ডের কেউ কিছু জানবেন না, এটা কাঙ্ক্ষিত নয়। এই সিদ্ধান্তের কারণে তথ্যসচিব ও তাঁকেসহ বেশ কয়েকজনকে বিবাদী করে মামলা হয়েছে।
এমডি বলেন, মামলাটি টেকেনি। আর বাদী আবুল কালাম মানিক বলেছেন, আদালত নিয়োগের ওপর স্থগিতাদেশ না দিয়ে শুনানির তারিখ দিয়েছেন।
নিয়োগ ও চাকরিচ্যুতিতে রাজনীতির খেলা: সরকার পরিবর্তনের পর পরই বাসসে বঞ্চনা ও হয়রানির আওয়াজ ওঠে। তবে এর সত্যতা যেমন আছে, তেমনি আছে রাজনৈতিক অজুহাত কাজে লাগিয়ে ফায়দা নেওয়ার।
১৩১তম সভার প্রস্তাবে ৭৯ জন সাংবাদিক-কর্মকর্তাকে পদোন্নতি দেওয়ার অন্যতম যুক্তি হিসেবে বলা হয়, এঁদের অনেকেই বিএনপি-জামায়াত জোট সরকারের সময়ে নির্যাতিত ও বঞ্চিত হয়েছেন। ওই তালিকা পর্যালোচনা করে দেখা যায়, ৩৩ জন সাংবাদিকের মধ্যে ১৪ জনই জোট সরকারের সময়ে পদোন্নতি পেয়েছিলেন। ২০০১ সালে বিএনপি ক্ষমতায় আসার পর জনবলকাঠামোর বাইরে থাকার অজুহাতে ৩৪ জন সাংবাদিক-কর্মচারীকে চাকরিচ্যুত করে। এরপর তারা নিজ দলের ৭০ জন সাংবাদিক-কর্মচারীকে পুনর্বাসন করে।
২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর বিএনপি আমলে চাকরিচ্যুতরা আদালতের নির্দেশে পুনর্বহাল হন। ফলে বেশ কয়েকজন অবসরে গেলেও জনবলকাঠামোর চেয়ে প্রায় ৫০ জন সাংবাদিক-কর্মচারী অতিরিক্ত হয়ে পড়েন। নতুন জনবলকাঠামো পাস হওয়ার আগেই আরও প্রায় ৬০ জন সাংবাদিক-কর্মচারীকে নিয়োগ দেওয়া হয়।
সম্প্রতি সরকারবিরোধী বলে পরিচিত দুজনকে চাকরিচ্যুত করা হয় তাঁদের নিয়োগ বোর্ড অনুমোদিত না হওয়ায়। অথচ একই আদেশে তাঁরাসহ চারজন নিয়োগ পেলেও বাকি দুজন চাকরিতে বহাল আছেন এবং তাঁদের প্রথম গ্রেডে পদোন্নতি হয়েছে সরকার-সমর্থক হওয়ার কারণেই।
আবার মুক্তিযোদ্ধা ও প্রয়াত আওয়ামী লীগ নেতার মেয়ে জয়শ্রী জামান চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতকোত্তর পাস করেন এবং একাধিক জাতীয় দৈনিকে কাজের অভিজ্ঞতা নিয়ে বাসসে যোগ দিলেও দুই বছরেও তাঁর চাকরি স্থায়ী হয়নি। অথচ একই সঙ্গে নিয়োগপ্রাপ্ত পাঁচজন কর্মচারীর চাকরি নিয়মিত হয়েছে।
৮২৬টি পত্রিকা, বাসসের সার্ভিস নেয় ৩৫টি: তথ্য মন্ত্রণালয়ের সর্বশেষ হিসাব অনুযায়ী, দৈনিক সংবাদপত্রের সংখ্যা ৮২৬। এগুলোর মধ্যে মিডিয়া তালিকাভুক্ত ৩৫৩টি। কিন্তু বাসসের সার্ভিস নেয় মাত্র ৩৫টি পত্রিকা। আর বকেয়া আছে প্রায় এক কোটি টাকা।
২০১১-১২ সালের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী ২৬টি টেলিভিশন চ্যানেল এবং ১২টি এফএম বেতার চালু থাকলেও বাসসের সার্ভিস নেয় মাত্র চারটি টিভি চ্যানেল ও একটি এফএম বেতার। এর বাইরে বিটিভি, বেতার ও তথ্য অধিদপ্তর বাসসের গ্রাহক।
সবাই ক্ষুব্ধ: আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে ২০০৯ সালে বাসসের অনিয়ম তদন্ত করে। প্রতিবেদনে বলা হয়, ‘জোট সরকারের সময়ে দলীয় বিবেচনায় বিভিন্ন পদে নিয়োগ পাওয়াদের বেশির ভাগই অফিসে না গিয়ে এবং কাজ না করেই বেতন-ভাতা ভোগ করত। ২০০১ থেকে ২০০৮ পর্যন্ত বাসসে এক আনাও অগ্রগতি হয়নি, বরং মানের অবনতি ঘটেছে।’
এ প্রসঙ্গে সাংবাদিক-কর্মকর্তাদের কয়েকজন জানিয়েছেন, ২০০৯ থেকে বর্তমান সময় পর্যন্ত তদন্ত করলেও একই চিত্র পাওয়া যাবে।
ব্যবস্থাপনা পরিচালক বলেন, তিনি বাসসে শৃঙ্খলা ফিরিয়ে আনার চেষ্টা করে যাচ্ছেন।