ডুবন্ত জাহাজের যন্ত্রপাতি খুলে নিচ্ছে জলদস্যুরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের দ্বীপ উপজেলা সন্দ্বীপের কাছে বঙ্গোপসাগরে প্রায় পাঁচ কোটি টাকার চিনিসহ অর্ধডুবন্ত জাহাজ ‘এমভি সি মুন’-এর দামি যন্ত্রাংশ জলদস্যুরা খুলে নিয়ে যাচ্ছে। বিরূপ আবহাওয়ার কারণে দুর্ঘটনার কবলে পড়ে জাহাজটি গত ১৯ এপ্রিল সন্দ্বীপের কাছে কালিরচর এলাকায় আটকা পড়ে। এটি এখন ভাটার সময় পুরোপুরি জেগে ওঠে এবং জোয়ার এলে পানির নিচে তলিয়ে যায়।জানা গেছে, চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরের ‘এমভি আফ্রিকান স্টার’ নামের একটি বড় জাহাজ (মাদার ভ্যাসেল) থেকে এক হাজার ১০০ মেট্রিক টন চিনি খালাস করে এমভি সি মুন ঢাকায় যাচ্ছিল। এ চিনির দাম প্রায় পাঁচ কোটি টাকা।জানা গেছে, প্রথম দিকে ওই জাহাজের পানিমিশ্রিত চিনি বালতিতে করে লুটপাট করে স্থানীয় লোকজন। পরে জলদস্যুরা ওই জাহাজের জেনারেটর, পাখাসহ মূল্যবান যন্ত্রপাতি খুলে নিতে শুরু করে। জাহাজে লুটপাটের সময় ৪৪ জনকে গ্রেপ্তার করা হয়। সি মুন শিপিং লাইন্স লিমিটেড জাহাজটির মালিক। প্রতিষ্ঠানটির অন্যতম পরিচালক বেলায়েত হোসেন প্রথম আলোকে বলেন, জলদস্যুদের ভয়ে সেখানে কোনো উদ্ধারকারী দল যেতে সাহস পাচ্ছে না। উদ্ধারকাজ শুরুর জন্য তিনি কোস্টগার্ড, পুলিশসহ প্রশাসনের সহায়তা কামনা করেন। প্রতিষ্ঠানের কর্মকর্তারা অভিযোগ করেন, ইতিমধ্যে জলদস্যুরা জাহাজটির ৫০ থেকে ৬০ লাখ টাকার যন্ত্রপাতি খুলে নিয়ে গেছে।