ডুবন্ত ট্রলার থেকে ২৪ জনকে উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গোপসাগরের কুতুবদিয়া উপকূলসংলগ্ন অংশে ডুবন্ত একটি মাছ ধরার ট্রলার থেকে ২৪ জনকে উদ্ধার করেছে কোস্টগার্ড। গতকাল সোমবার সকালে উদ্ধারের পর তাঁদের ট্রলার-মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে। কোস্টগার্ডের চট্টগ্রাম অঞ্চলের লে. কমান্ডার আতিকুর রহমান ভুঁইয়া প্রথম আলোকে বলেন, ‘আজ (সোমবার) ভোরে সাগরের কুতুবদিয়াসংলগ্ন এলাকায় মাছ ধরার সময় ট্রলারটির ইঞ্জিনরুমে হঠাৎ করে পানি ঢুকতে শুরু করে। এতে ট্রলারে থাকা লোকজন পানিতে ঝাঁপিয়ে পড়েন। কিছুসংখ্যক যাত্রী আশপাশে থাকা কয়েকটি ইঞ্জিন নৌকায় আশ্রয় নেন। পরে সকাল সাড়ে নয়টার দিকে কোস্টগার্ডের জাহাজ সিজিএস রূপসী বাংলা গিয়ে ২৪ জনকে উদ্ধার করে।’ডুবন্ত জাহাজটির নাম এফবি আন্নাওয়া হোলওয়ান। উদ্ধারকৃতদের চট্টগ্রাম নিয়ে আসে কোস্টগার্ড। পরে বিকেলে তাঁদের ট্রলারের মালিকপক্ষের কাছে হস্তান্তর করা হয়।