ডুবন্ত ট্রাকে আটকে আছে দুই লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট-কোম্পানীগঞ্জ সড়কের বর্ণি এলাকায় সেতু ভেঙে নদীতে পড়ে যাওয়া ছয়টি ট্রাক গতকাল রোববার পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি। দমকল বাহিনীর ডুবুরি দল গতকাল দুপুরে ডুবন্ত ট্রাকগুলোতে তল্লাশি চালিয়ে আরও দুটি লাশের সন্ধান পেয়েছে। তবে এই লাশ দুটি ট্রাক তীরে তোলা ছাড়া উদ্ধার করা সম্ভব নয় বলে ডুবুরি দল জানিয়েছে। গত শুক্রবার রাত সোয়া নয়টায় সেতু ভেঙে একটি মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশাসহ ছয়টি ট্রাক নদীতে পড়ে যায়। রাতেই উদ্ধার-তৎপরতা চালিয়ে ১১ জন যাত্রীকে আহতাবস্থায় ও আবদুল হক (৪৫) নামে একজন পাথর ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়। ওই রাতে ডুবে যাওয়া ট্রাকের চাকায় অজ্ঞাতনামা একজনের লাশ ঝুলে থাকতে দেখা যায়। দুর্ঘটনায় ট্রাকচালক, সহকারীসহ আরও অন্তত চারজন নিখোঁজ রয়েছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানালেও ডুবে যাওয়া ট্রাক নদী থেকে তুলতে না পারায় নিখোঁজের ব্যাপারে সঠিক কোনো পরিসংখ্যান পাওয়া যাচ্ছিল না। গতকাল ঘটনার দুই দিনের মাথায় দমকল বাহিনীর একদল ডুবুরি ডুবে যাওয়া ট্রাকগুলোতে তল্লাশি চালিয়ে আরও দুটি লাশ ট্রাকের সঙ্গে আটকে আছে বলে পুলিশকে জানিয়েছে। এ ব্যাপারে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম সরকার জানান, ডুবে থাকা ট্রাকের নিচে চাপা পড়া অবস্থায় দুজনের লাশ থাকার কথা ডুবুরিরা নিশ্চিত করেছেন। সওজ জানায়, সিলেট-কোম্পানীগঞ্জ সড়ক দিয়ে দেশের বৃহত্তম পাথর কোয়ারি ভোলাগঞ্জ থেকে বোল্ডার পাথর পরিবহনও বন্ধ হয়ে পড়েছে। বাংলাদেশের নির্মাণক্ষেত্রে ৭০ শতাংশ পাথরের জোগান দেওয়া হয় ভোলাগঞ্জ কোয়ারি থেকে। বর্ণি সেতুর এপার-ওপারে শত শত ট্রাক আটকা পড়ায় সিলেট-কোম্পানীগঞ্জ সড়কের ৩৬ কিলোমিটারজুড়ে যান চলাচলের ক্ষেত্রে প্রতিবন্ধকতা দেখা দিয়েছে।নদীতে ডুবে থাকা ট্রাক উদ্ধার না করায় সেতু পুনঃস্থাপন বিলম্বিত হচ্ছে জানিয়ে সড়ক ও জনপথ বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শাহ মো. মুসা বলেন, ‘সেতু পুনঃস্থাপন করে যোগাযোগ সচল করতে শনিবারই প্রয়োজনীয় যন্ত্রপাতি সেখানে নিয়ে রাখা হয়েছে। ডুবন্ত ট্রাক উদ্ধার করতে ক্রেনও আনা হচ্ছে। আশা করি, এই সপ্তাহের মধ্যে সেতু পুনর্নির্মাণ করা সম্ভব।’