ডুবন্ত শিশুকে উদ্ধার করল পুলিশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিদ্যালয়ে যাওয়ার পথে খালের পানিতে পড়ে যাওয়া এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার বন্দর থানার নিমতলা এলাকায় এ ঘটে। উদ্ধার হওয়া শিশুর নাম সাজ্জাদ হোসেন (৮)। সে হালিশহর মকবুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র।
সাজ্জাদের বাবা শাহাদাত হোসেন প্রথম আলোকে বলেন, বন্দর নিমতলা সাবেরের লেইন এলাকার বাসা থেকে বের হয়ে বিদ্যালয়ে যাচ্ছিল সাজ্জাদ। হঠাৎ রাস্তার পাশে খালে পড়ে যায়। শিশুটি চিৎকার করলে লোকজন সেখানে ভিড় করেন। তবে কেউ খালে নেমে তাকে উদ্ধার করেননি। লোকজনের ভিড় দেখে এক পুলিশ খালে নেমে সাজ্জাদকে উদ্ধার করেন।
নগর পুলিশের ট্রাফিক বন্দর বিভাগের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ হাছান চৌধুরী বলেন, খালে নামতে গিয়ে কনস্টেবল মনির আহাম্মদ আহত হন। সাহসিকতার জন্য তাঁকে পুরস্কৃত করা হবে।