ডুবন্ত সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার মোহনপুর-কালিয়াকৈর ডুবন্ত সড়ক নির্মাণের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। পাঁচ কিলোমিটার সড়কের মধ্যে সদ্যসমাপ্ত তিন কিলোমিটার অংশ হস্তান্তরের আগেই উপরিভাগের কংক্রিটের ঢালাই উঠে যাচ্ছে। বিষয়টি জানাজানি হওয়ায় কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, নিম্নাঞ্চল হিসেবে পরিচিত উল্লাপাড়া উপজেলার মোহনপুর থেকে কালিয়াকৈর গ্রাম পর্যন্ত পাঁচ কিলোমিটার ডুবন্ত সড়ক ও দুটি সেতু নির্মাণের জন্য ২০১০-১১ অর্থবছরে দরপত্র আহ্বান করা হয়। গত বছর জানুয়ারি মাসে ১৪ কোটি ৮৮ লাখ টাকা বরাদ্দে কার্যাদেশ দেওয়া হয়। একই মাসে ঠিকাদার মো. শহিদুল ইসলাম কাজ শুরু করেন।এলাকাবাসীর অভিযোগ, ঠিকাদার নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ শুরু করায় এলাকাবাসী একাধিকবার কাজ বন্ধ করে দেয়। এরপর ঠিকাদার ও স্থানীয় প্রকৌশল বিভাগের কর্মকর্তারা এলাকার কতিপয় প্রভাবশালী ব্যক্তিকে ‘ম্যানেজ’ করে কাজ শুরু করেন। ইতিমধ্যেই প্রায় তিন কিলোমিটার অংশের কাজ সম্পন্ন হয়েছে। বাকি অংশ ও দুটি সেতুর কাজ চলছে। এই কাজে নিম্নমানের ইট ও বালু প্রকাশ্যে ব্যবহার করা হলেও দায়িত্বে থাকা কর্মকর্তারা কোনো ব্যবস্থাই নিচ্ছেন না।সম্প্রতি শেষ হওয়া তিন কিলোমিটার অংশের কংক্রিটের ঢালাইয়ের উপরিভাগ থেকে সিমেন্ট-বালু উঠে যেতে শুরু করেছে। সুজা গ্রামের কাছে বিবিসি বাজারের পশ্চিম পাশে তিন মিটার অংশের নিচ থেকে মাটি সরে গেছে। এ ছাড়া বিভিন্ন অংশ দেবে গেছে।গত শনিবার সরেজমিনে দেখা গেছে, নিয়মানুযায়ী কাজের বিবরণ দিয়ে প্রকল্পের কোথাও সাইনবোর্ড টাঙানো হয়নি। ঢালাই করা অংশের বেশির ভাগ এলাকা থেকে সিমেন্ট-বালু উঠে পাথরের খোয়া বেরিয়ে গেছে। বর্তমানে চলমান কাজের মোহনপুর অংশে নিম্নমানের খোয়া দিয়ে সিসি ঢালাই করার পরপরই নিম্নমানের ইট দিয়ে সড়কের দুই পাশের রেলিংয়ের গাঁথুনি করা হচ্ছে। অথচ সিসি ঢালাইয়ের এক দিন পর গাঁথুনি করার কথা।উল্লাপাড়া উপজেলা প্রকৌশলী কার্যালয়ের কার্য সহকারী আবুল হোসেনের উপস্থিতিতেই এ কাজ চলছিল। প্রশ্ন করলে তিনি নিম্নমানের ইট দিয়ে কাজ করার বিষয়টি স্বীকার করে জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ মালামাল দেখে গেছে। তাদের অনুমতি নিয়েই কাজ চলছে। এখানে তাঁর কিছু করা বা বলার নেই।কালিয়াকৈর আবুল হোসেন কলেজের অধ্যক্ষ মো. হাসানুজ্জামান জানান, প্রত্যন্ত এই এলাকায় বৃষ্টির সময় কাঁদা ভেঙে যাতায়াত করতে হতো। সড়কটি নির্মাণের পর দুর্ভোগ লাঘব হবে বলে আশা করেছিলেন। কিন্তু যেভাবে কাজ করা হয়েছে, তাতে এখনই নষ্ট হয়ে যাচ্ছে।মো. শহিদুল ইসলাম জানান, বর্ষার সময় ইটভাটা থেকে ভেজা অবস্থায় ইট কেনা হয়। পরে শুকানোর পর নিম্নমানের বিষয়টি ধরা পড়ে। এগুলো পরিবর্তন করে কাজ করা হবে বলে তিনি জানান। তা ছাড়া আগামী বছরের মে মাসের মধ্যে কাজটি হস্তান্তর করা না হলে প্রকল্প বন্ধ হয়ে যাবে বিধায় দ্রুত করা হচ্ছে। এখন থেকে ভালো মালামাল দিয়ে কাজ করা হবে বলে মন্তব্য করেন তিনি।কাজের দায়িত্বে থাকা উপসহকারী প্রকৌশলী মো. একরামুল হক জানান, আগে যে কাজ হয়েছে, সেটি ভালো ইট-খোয়া দিয়ে ও নিয়মানুযায়ী করা হয়েছে। ঢালাই করার পর বৃষ্টি হওয়ায় কিছু কিছু স্থানে উঠে গেলেও সেগুলো পুনরায় মেরামত করে দেওয়া হবে। ঠিকাদারকে এ বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে। গত সপ্তাহে অন্য একটি সাইডের কাজে ব্যস্ত থাকায় বাকি অংশের চলমান কাজে ঠিকাদার নিম্নমানের ইট দিয়ে কাজ শুরু করেছিলেন। বিষয়টি জানার পর এগুলো পরিবর্তন করতে বলা হয়েছে।উল্লাপাড়া উপজেলা প্রকৌশলী মো. সুজায়েত হোসেন জানান, নিম্নমানের মালামাল দিয়ে কাজ করা হচ্ছে—এমন অভিযোগ পাওয়ার পর ঠিকাদারকে কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাহী প্রকৌশলী মো. গোলাম মোস্তফা জানান, কাজ বন্ধ রেখে সব নিম্নমানের ইট-বালু-খোয়া অপসারণ ও ভালো মালামাল নিশ্চিত করার পর পুনরায় কাজের জন্য চিঠি দেওয়া হয়েছে।