ডুবুরিদের ডাকে সাড়া নেই পর্যটকদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার সমুদ্রসৈকতে ঝুঁকি নিয়ে পর্যটকের গোসল নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। নিষেধাজ্ঞা অমান্য করে প্রতিদিন হাজার হাজার পর্যটক ভাটার সময় সমুদ্রে নামছেন। অনেকে ভাটার টানে হারিয়েও যাচ্ছেন। সমুদ্র থেকে ওঠে আসার জন্য স্থানীয় ট্যুরিস্ট পুলিশ, ডুবুরি ও উদ্বারকর্মীরা হ্যান্ড মাইকে প্রচারণা চালালেও তাতে পর্যটকের সাড়া মিলছে না। স্থানীয় ইয়াছির লাইফগার্ড স্টেশনের পরিচালক ও নৌবাহিনীর অবসরপ্রাপ্ত ডুবুরি মোস্তফা কামাল বলেন, নিষেধাজ্ঞা অমান্য করে গোসলে নেমে প্রায় প্রতিদিন পাঁচ থেকে ১০ জন পর্যটন সমুদ্রে হারিয়ে যাচ্ছেন। যদিও ডুবুরিরা সঙ্গে সঙ্গে উদ্ধার করে তাঁদের প্রাণে রক্ষা করছেন। সমুদ্রসৈকতের লাবনী পয়েন্টে নামার আগে স্থায়ী ফলকে লেখা রয়েছে, জোয়ার-ভাটার সময়। পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করে সাইনবোর্ডে বড় হরফে লেখা আছে, ‘ ভাটার সময় সমুদ্রে গোসল করতে নামবেন না। তাতে স্রোতের টানে ভেসে প্রাণহানির আশঙ্কা থাকে।’ সৈকতের বালুচরে জোয়ারের সময় উড়ানো হয় সবুজ পতাকা। এ সময় গোসলে নামা নিরাপদ। আর ভাটার সময় পাঁচ কিলোমিটার সৈকতজুড়ে উড়ানো হয় একাধিক লাল পতাকা। এ সময় গোসলে নামা বিপদ। এই বিপদের কথা জানিয়ে সৈকতে ট্যুরিস্ট পুলিশ মাইকে ঘোষণা প্রচার করছে। বিলি হচ্ছে প্রচারপত্র। তার পরও কেউ নিষেধাজ্ঞা মানছে না। স্থানীয় রবি লাইফগার্ড স্টেশনের ডুবুরি সৈয়দ নূর (৩৭) বলেন, বুধবার ভাটার টানে হারিয়ে সোহেল (১৩) নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। গত সাত দিনে নিষেধাজ্ঞা অমান্য করে গোসলে নেমে ৬০ জনের বেশি পর্যটক ভেসে গেছেন। কিন্তু দ্রুত উদ্ধার করে আনায় সবাই প্রাণে রক্ষা পান। এর মধ্যে অন্তত ১৩ জন নারী রয়েছেন। শাড়ি পরে গোসলে নেমে তাঁরা বিপদে পড়েন। যদিও শাড়ি পরে সাগরে না নামতে নিষেধ করা হচ্ছে। ভাটার সময় ঝুঁকি নিয়ে গোসলে নামার কারণ জানতে চাইলে ঢাকার চকবাজারের ব্যবসায়ী গোলাম রহমান ( ৪৫) বলেন, ‘হাঁটু বা বুক সমান পানিতে নেমে গোসল করলে বিপদ হবে কেন? আমরা সবাই সাঁতার জানি।’ট্যুরিস্ট পুলিশের ওসি আসাদ করিম চৌধুরী বলেন, ভ্রমণে আসা পর্যটকের নিরাপত্তা দিতে গত কয়েকটা দিন হিমশিম খেতে হয়েছে। সৈকত ছাড়াও বিভিন্ন দর্শনীয় স্থানগুলোতে পুলিশি টহল জোরদার করা হয়েছিল। যে কারণে এখন পর্যন্ত কোনো পর্যটককে বিপদের সমঞ্চুখীন হতে হয়নি। তবে ঝুঁকি নিয়ে গোসল বন্ধ করা যাচ্ছে না।