সড়ক ডুবে থাকায় বন্যাদুর্গত অনেক এলাকায় ত্রাণ পাঠাতে সমস্যা হচ্ছে। যেসব এলাকায় ত্রাণ পাঠানোর ব্যবস্থা রয়েছে, সেখানকার লোকজনও পর্যাপ্ত ত্রাণ পাচ্ছেন না বলে অভিযোগ পাওয়া গেছে। ঘূর্ণিঝড় কোমেনের প্রভাবে বৃষ্টির কারণে নতুন করে নোয়াখালীর সেনবাগ ও কক্সবাজারের চকরিয়ার উপকূলীয় এলাকায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। ফেনীতে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত আছে।
বৃষ্টিপাত অব্যাহত থাকায় এবং ফেনীর মুহুরী নদীতে পানির চাপ বেড়ে যাওয়ায় নোয়াখালীর সেনবাগের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। আরও নতুন এলাকা প্লাবিত হয়েছে।
সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উদয়ন দেওয়ান জানান, পৌরসভার অনেক এলাকা নতুন করে প্লাবিত হওয়ায় সেনবাগ সরকারি কলেজে অস্থায়ী আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। ইতিমধ্যে প্রায় ২০টি পরিবার সেখানে আশ্রয় নিয়েছে।
সেনবাগ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল কালাম আজাদ প্রথম আলোকে বলেন, তিনি সেনবাগে কখনো এমন খারাপ অবস্থা দেখেননি। তিনি সেনবাগকে দুর্গত এলাকা ঘোষণার দাবি জানান।
গতকাল বৃহস্পতিবার দুপুরে সেনবাগ পৌরসভার বাবুপুর, সাহাপুর, বিন্নগনি ও কাদরা ইউনিয়নের নজরপুর, চাঁদপুরসহ আটটি গ্রাম ঘুরে দেখা যায়, গ্রামের প্রতিটি সড়ক দেড় থেকে দুই ফুট পানির নিচে। বেশির ভাগ বাড়িতে এক থেকে দেড় ফুট পানি। পানির কারণে লোকজন রান্নাবান্নায় সীমাহীন ভোগান্তির শিকার হচ্ছে। এ ছাড়া গবাদিপশু ও হাঁস-মুরগি নিয়েও বিপাকে পড়েছেন অনেকে।
এদিকে কক্সবাজারের চকরিয়া উপজেলার উপকূলীয় সাত ইউনিয়নে বন্যা পরিস্থিতির আবারও অবনতি হয়েছে।
স্থানীয় বিভিন্ন সূত্র জানায়, ঘূর্ণিঝড় কোমেনের প্রভাবে সাগরে জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে দুই থেকে তিন ফুট উচ্চতায় বৃদ্ধি পেয়ে লোকালয়ে ঢুকেছে।
গতকাল চকরিয়ার ঢেমুশিয়া ইউনিয়নের ছয়কুরিটিক্কা গ্রামে গিয়ে দেখা যায়, প্লাবিত বাড়িঘরের লোকজন পাশের মহাসড়কে আশ্রয় নিয়েছেন। সেখানে চলছে ত্রাণের জন্য হাহাকার।
গতকাল বিকেলে বদরখালী ইউনিয়নে এক হাজার মানুষের মাঝে পাঁচ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। কিন্তু সেখানে ত্রাণের জন্য গিয়েছিলেন অন্তত দুই হাজার লোক।
কোনাখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান দিদারুল হক সিকদার বলেন, ‘হাঁটু সমান পানি থেকে কয়েক ঘণ্টার ব্যবধানে গলা সমান হয়ে গেছে। ভাঙা বেড়িবাঁধ দিয়ে জলোচ্ছ্বাসের পানি ঢুকে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে।’
সবচেয়ে খারাপ অবস্থা চিরিংগা ইউনিয়নের। ওই ইউনিয়নের শতভাগ ঘরবাড়ি প্লাবিত হয়েছে। অভ্যন্তরীণ সব সড়ক পানির নিচে থাকায় ত্রাণও বিতরণ করা যাচ্ছে না।
চকরিয়া উপজেলা বর্গাচাষি সমিতির সভাপতি মহিউদ্দিন বলেন, ‘চিরিংগা ইউনিয়নের বেশির ভাগ এলাকা দুর্গম। সাগরে জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় শতভাগ ঘরবাড়ি ডুবে গেছে। এখানে কেউ ত্রাণ দিচ্ছে না। চরম খাবারসংকটে রয়েছে এলাকার মানুষ।’
চকরিয়ার ৮১টি আশ্রয়কেন্দ্রে অন্তত এক লাখ এবং উঁচু ভবন ও মহাসড়কের ওপর আশ্রয় নিয়েছে প্রায় ৭৫ হাজার মানুষ।
চকরিয়ার ইউএনও মোহাম্মদ সাহেদুল ইসলাম জানান, বন্যাদুর্গত মানুষের জন্য ১১০ টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। ইতিমধ্যে ৮৫ টন চাল বিতরণ করা হয়েছে। শুক্রবার (আজ) বাকি চাল বিতরণ করা হবে। তিনি জানান, চিরিংগা ইউনিয়নের সব সড়ক পানিতে ডুবে থাকায় ত্রাণ বিতরণে একটু সমস্যা হচ্ছে।
ফেনী সদর ও দাগনভূঞা উপজেলার বন্যা পরিস্থিতি অপরিবর্তিত আছে। এদিকে জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কিছু ত্রাণ বরাদ্দ করা হলেও তা প্রত্যন্ত গ্রামে পৌঁছায়নি বলে অভিযোগ রয়েছে।
দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউপির চেয়ারম্যান মামুনুর রশিদ জানান, ইউনিয়নের ১৯টি গ্রামের মধ্যে ১৩টি প্লাবিত হয়েছে। এলাকার বহু মৎস্য খামারের মাছ ভেসে গেছে।
দাগনভূঞার ওমরপুর গ্রামের একটি মৎস্য খামারের মালিক নঈম উদ্দিন আহমেদ শোয়েব জানান, বন্যায় তাঁর খামারের অন্তত ৫০ লাখ টাকার মাছ ভেসে গেছে।
ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক বলেন, ফেনী সদর, ফুলগাজী ও দাগনভূঞার বন্যাদুর্গত এলাকার জন্য ৩০ টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে।
ফেনী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রমজান আলী প্রামাণিক বলেন, ফুলগাজীতে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে।
ফেনী-২ আসনের সাংসদ নিজাম উদ্দিন হাজারীর নেতৃত্বে গতকাল সকালে দাগনভূঞা উপজেলার বিভিন্ন ইউনিয়ন এবং সোনাগাজীর চর চান্দিয়া ইউনিয়নের ধান গবেষণা কেন্দ্র এলাকায় বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।