ডুবে গেছে চার হাজার হেক্টর ফসলি জমি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা তিন দিনের ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে কক্সবাজারের টেকনাফ উপজেলার চার ইউনিয়নের প্রায় চার হাজার হেক্টর ফসলি জমি ডুবে গেছে। ভেসে গেছে অর্ধশত পুকুরের কয়েক কোটি টাকার মাছ।
উপজেলা কৃষি কার্যালয়ের তথ্যমতে, টানা তিন দিনের ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে উপজেলার হ্নীলা, হোয়াইক্যং, বাহারছড়া ও টেকনাফ সদর ইউনিয়নের বেশির ভাগ গ্রামে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে অধিকাংশ ধানখেত ডুবে যাওয়ার পাশাপাশি এক শ হেক্টর জমির আমনের বীজতলা ভেসে গেছে। চলতি মৌসুমে উপজেলায় ১১ হাজার ৬২৫ হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। ইতিমধ্যে পাঁচ হাজার হেক্টর জমিতে চারা লাগানো হলেও ডুবে গেছে চার হাজার হেক্টর জমির ধানখেত।
বাহারছড়ার হলবনিয়ার গ্রামের কৃষক আবদুর রহমান, হ্নীলার পানখালী গ্রামের জিয়াবুল হক, হোয়াইক্যংয়ের লাতুরীখোলা গ্রামের মনির আহমদ ও টেকনাফ সদরের লম্বরী গ্রামের নুরুল হক বলেন, তাঁদের এলাকার ৭০ শতাংশ আমনখেত ডুবে গেছে। চাদিকে পানি থইথই করছে।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্র জানায়, এই চারটি ইউনিয়নে ২৭টি স্লুইসগেট আছে। ইনলেট আছে ২৩টি। কিন্তু স্লুইসগেটের পরিমাণ যথেষ্ট না হওয়ায় ওই এলাকার প্রায় অর্ধলক্ষ মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। সূত্র জানায়, ওই চার ইউনিয়নের দুটি স্লুইসগেট ভরাট হয়ে গেছে। দরজা নষ্ট হয়ে গেছে ২০টির।
স্থানীয় সূত্র জানায়, এলাকার অর্ধশতাধিক পুকুরের কয়েক কোটি টাকার মাছ ভেসে গেছে।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবদুল লতিফ বলেন, টানা বৃষ্টিতে টেকনাফে প্রায় চার হাজার হেক্টর জমির আমন ডুবে গেছে এবং এক শ হেক্টর জমির আমনের বীজতলা ভেসে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।