ডুবে গেছে মাছ ধরার ১৭ ট্রলার, নিখোঁজ ১৯

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে সৃষ্ট আকস্মিক ঝড়ে অন্তত ১৭টি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। এসব ট্রলারের ১৯ জন জেলে নিখোঁজ রয়েছেন।
তবে ঝড়ের কবলে পড়ে ৫০টির বেশি ট্রলার নিখোঁজ রয়েছে বলে দাবি করেছেন জেলেরা। গত শনিবার গভীর রাতে এ ঘটনা ঘটে।
পাথরঘাটা ও বাগেরহাটের শরণখোলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির নেতারা বলেন, ঝড়ে পশ্চিম সুন্দরবন-সংলগ্ন বঙ্গোপসাগরের কচিখালী, কটকা, নারিকেলবাড়িয়া, সাত বাম ও কুয়াকাটার গঙ্গামতি এলাকায় এসব ট্রলার ডুবে যায়।
এদিকে আবহাওয়া বিভাগ উপকূলে©তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত জারি করেছে।
উদ্ধার পাওয়া জেলেদের কয়েকজন বলেন, শনিবার রাতে বঙ্গোপসাগরে শত শত ট্রলার ইলিশ ধরছিল। রাত সাড়ে তিনটার দিকে আকস্মিক ঝড় শুরু হয়। এতে ঢেউয়ের তোড়ে অন্তত ১৭টি ট্রলার ডুবে যায়। এর মধ্যে রয়েছে এফবি আরিফ, এফবি মান্নান, এফবি সোনাই, এফবি মায়ের দোয়া, এফবি সোহাগ, এফবি খান জাহান আলী, এফবি মহারাজ, এফবি বাবুল, এফবি আবদুল্লাহ নামের নয়টি ট্রলার। এসব ট্রলার বরগুনা সদর, পাথরঘাটা, বাগেরহাটের শরণখোলা ও পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার। জেলেদের দাবি, ঝড়ে অন্তত ৫০টি ট্রলার নিখোঁজ আছে। এসব ট্রলারে অন্তত ৭০০ জেলে রয়েছেন।
উদ্ধার হওয়া জেলে ইউসুফ মাঝি ও বেলায়েত হোসেন বলেন, ডুবে যাওয়া ট্রলারগুলোর জেলেদের মধ্যে অন্তত ১৫০ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। ১৯ জন এখনো নিখোঁজ। তাঁদের মধ্যে রয়েছেন শরণখোলার রাজৈর এলাকার এমাদুল, ভান্ডারিয়া উপজেলার এমাদুল হক, পাথরঘাটার আবুল কালাম, আজিজুল হক, শাহিন, আবদুল কুদ্দুস। এ ছাড়া ভান্ডারিয়া উপজেলার এফবি মহারাজের ১১ জন ও অন্য দুটি ট্রলারের একজন করে জেলে নিখোঁজ আছেন।
বরগুনা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি মোস্তফা চৌধুরী বলেন, এফবি আল্লাহর দান, মায়ের দোয়াসহ বেশ কয়েকটি ট্রলার সাগরে ভাসতে থাকা কয়েকজন জেলেকে উদ্ধার করে। যোগাযোগের চেষ্টা করেও নিখোঁজ জেলে ও মাঝিদের মুঠোফোনে সংযোগ পাওয়া যাচ্ছে না।
বাগেরহাটের শরণখোলা উপজেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সাধারণ সম্পাদক মজিবুর রহমান তালুকদার বলেন, ‘আমরা এখনো অনেক ট্রলারের সঙ্গে যোগাযোগ করতে পারছি না। এ ছাড়া ডুবে যাওয়া ট্রলারের বেশ কিছু জেলে নিখোঁজ আছেন।’
কোস্টগার্ডের সুন্দরবনের দুবলা কন্টিনজেন্ট কমান্ডার আবদুল কাইউম বলেন, ‘ঝড়ে ট্রলারডুবি ও নিখোঁজ হওয়ার বিষয়ে আমাদের কাছে নিশ্চিত কোনো তথ্য নেই। দুবলা থেকে আলোরকোল পর্যন্ত সাগর খুব উত্তাল হওয়ায় আমরা সাগরে টহল বা অভিযান চালাতে পারছি না। সাগর শান্ত হলে আমরা অভিযানে নামব।’