ডুবে গেছে সয়াবিন দিশেহারাকৃষক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় কয়েক কোটি টাকার সয়াবিন ডুবে গেছে। ঘূর্ণিঝড় মহাসেনের প্রভাবে মেঘনা নদীর জোয়ারে গত বৃহস্পতিবার পাঁচটি চরের পাকা সয়াবিন নষ্ট হয়ে গেছে। এতে দিশেহারা হয়ে পড়েছেন প্রান্তিক কৃষকেরা।

কৃষি অফিসের তথ্যমতে, ৩০০ হেক্টর জমির সয়াবিন ডুবে গেছে। এতে দেড় কোটি টাকার সয়াবিন নষ্ট হয়েছে। এ তথ্য প্রাথমিকভাবে নির্ধারণ করা হয়। তবে কৃষকেরা বলছেন, এ সংখ্যা আরও কয়েক গুণ বেশি।

উত্তর চরবংশী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আলতাফ হোসেন মাস্টার জানান, রায়পুরের চরাঞ্চলের হাজার হাজার কৃষক সয়াবিনের ওপর নির্ভরশীল। ধারদেনা করে মৌসুমে সয়াবিনের চাষ করেন তাঁরা। হঠাৎ পানিতে ডুবে চোখের সামনে নষ্ট হয়ে গেছে কৃষকের ভাগ্যবদলের ফসলটি। তিনি আরও বলেন, তাঁর ইউনিয়নে আবাদ করা প্রায় ৮০ শতাংশ সয়াবিন পানিতে নষ্ট হয়ে গেছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস সূত্রে জানা গেছে, চরকাছিয়া, চরজালিয়া, চরঘাসিয়া, চরইন্দুরিয়া ও নতুন চরকাছিয়া চরে চার হাজার হেক্টর জমিতে এবার সয়াবিন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। কিন্তু লক্ষ্যমাত্রার চেয়েও ১৮ হেক্টর জমিতে বেশি আবাদ হয় সয়াবিন। প্রতিবছর শুধু রায়পুর উপজেলার পশ্চিমাঞ্চলের চারটি ইউনিয়নে প্রায় ৫০০ কোটি টাকা সয়াবিনের ওপর লেনদেন হয়। চরকাছিয়ার কৃষক আবুল কাশেম ও চরঘাসিয়ার আজিজুল হক সর্দার জানান, ধারদেনা করে আবাদ করা এই ফসল চোখের সামনে নষ্ট হয়ে গেলে তাঁরা দিশেহারা হয়ে পড়েন।

রায়পুর উপজেলা কৃষি কর্মকর্তা এ কে এম শামীম আলম বলেন, এবার সয়াবিনের বাম্পার ফলন হয়েছিল। কয়েক দিনের মধ্যে পাকা সয়াবিন তোলা যেত। প্রাথমিকভাবে নির্ধারণ করা হয়েছে, ৩০০ হেক্টর জমির দেড় কোটি টাকার সয়াবিন নষ্ট হয়ে গেছে। তবে এ সংখ্যা আরও বাড়তে পারে।