ডুবে দুই বোনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার সদকি ইউনিয়নের মহিষাখোলা গ্রামে পানিতে ডুবে মেডিকেল কলেজের এক ছাত্রীসহ দুই বোনের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই বোন হলেন ফেরদৌস আরা ঝুমা (২১) ও জুঁই আরা (১৩)। ঝুমা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিল। আর জুঁই পড়তো কুষ্টিয়া সরকারি বালিকা বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণিতে। তাঁদের বাবা আমজাদ শেখ বাংলাদেশ কৃষি ব্যাংক ঝিনাইদহ শাখার এজিএম।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, বেলা একটার দিকে আমজাদ শেখ বাড়িতে দুই মেয়েকে খুঁজে পাচ্ছিলেন না। পরে জানতে পারেন, দুই মেয়েই বাড়ির পাশে নিজেদের পুকুরে গোসল করতে গেছেন। পরে পুকুর পাড়ে গিয়ে ঝুমাকে পানিতে ভাসতে দেখেন। তাঁকে উদ্ধার করলেও জুঁই ছিলেন নিখোঁজ। প্রতিবেশীদের সহায়তায় অনেক খোঁজাখুঁজির পর ওই পুকুরের পানি থেকেই জুঁইকে উদ্ধার করা হয়। এরপর বেলা দেড়টার দিকে দ্রুত গ্রামের পাশে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলেও তাঁদের বাঁচানো যায়নি।
নিহত দুই বোনের পরিবারের সদস্যদের অভিযোগ, স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর সেখানে কোনো চিকিৎসক উপস্থিত ছিলেন না। চিকিৎসক না পেয়ে পরিবারের সদস্যরা হাসপাতালে ক্ষোভ প্রকাশ করেন।
খোকসা থানা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা কামরুজ্জামান সোহেল বলেন, ‘দুই বোনকে বেলা দুইটা দুই মিনিটে হাসপাতালে আনা হয়। সেই সময় হাসপাতালেই দায়িত্বরত ছিলেন চিকিৎসক সাইফুল ইসলাম। তিনি তখন নামাজ পড়ছিলেন।’ তাঁর দাবি, মৃত অবস্থায় দুই বোনকে হাসপাতালে নেওয়া হয়েছিল।
তবে খোকসা উপজেলা নির্বাহী কর্মকর্তা রেবেকা খান বলেন, ‘ঝুমা ও জুঁইকে যখন হাসপাতালে নেওয়া হয়, তখন স্বাস্থ্য কমপ্লেক্সে কোনো ডাক্তার ছিল না, দ্যাটস ট্রু (এটা সত্য)। সেটি নিয়ে কাজ করছি। একটি প্রতিবেদন তৈরি করছি। রোগী জীবিত হোক বা মৃত হোক, হাসপাতালে চিকিৎসক কেন থাকবেন না।’
বিকেলে দুই বোনের লাশ মহিষাখোলা গ্রামের বাড়িতে নেওয়া হলে সেখানে হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। তাঁদের মা শাহানাজ বানু আহাজারি করতে করতে বলেন, ‘আমার ঝুমা ডাক্তার হবে, রোগী দেখবে, মানুষকে সেবা করবে। ওরা দুই বোন সাবান শ্যাম্পু নিয়ে একসঙ্গে গোসল করতে গেল। ওরা কথা বলছে না কেন।’