প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরে চতুর্থ শ্রেণির এক ছাত্রী পদ্মা নদীতে ডুবে মারা গেছে। তার নাম সোনিয়া আক্তার (১১)। সদর উপজেলার ডিক্রিরচর ইউনিয়নের ধলার মোড় এলাকার নদীতে গত সোমবার দুপুরে সে ডুবে যায়। সোনিয়া ধলার মোড় এলাকার ইটভাটা শ্রমিক পারভেজ মোল্লার (৩৫) মেয়ে। সে লেকপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী ছিল। ধলার মোড় এলাকার বাসিন্দা মুনির হোসেন বলেন, দুপুরে ধলার মোড়ে নদীতে গোসল করতে যায় সোনিয়া। নদীর ভেতরে দুয়ারীর দড়িতে (মাছ ধরার ফাঁদ) তার দুটি পা আটকে গেলে সে পানিতে ডুবে যায়। পরে এলাকাবাসী নদী থেকে সোনিয়ার লাশ উদ্ধার করে। ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. সাদেক উজ্জামান ওই ছাত্রীর মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন। ফরিদপুর অফিস|