ডুবে মৃত্যু দুই শিশুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার চাটমোহর উপজেলার কাটাখালী গ্রামে গতকাল রোববার পানিতে ডুবে দুই মেয়েশিশুর মৃত্যু হয়েছে। তারা হলো মহির উদ্দিনের মেয়ে হাফসা খাতুন (৬) ও আবুল কালামের মেয়ে বীনা খাতুন (৬)। তারা মামাতো-ফুফাতো বোন। শিশুদের স্বজনেরা জানান, কিছুদিন আগে মায়ের সঙ্গে কাটাখালি গ্রামে নানার বাড়িতে বেড়াতে আসে হাফসা। গতকাল দুপুরে মামাতো বোন বীনার সঙ্গে সে খেলতে বের হয়। একপর্যায়ে দুজনে পুকুরে নামতে গিয়ে পানিতে ডুবে যায়। অপর একটি শিশু ঘটনাটি দেখতে পেয়ে লোকজনকে জানায়। পরে পুকুরের পানিতে খোঁজাখুঁজি করে দুই শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়। চাটমোহর থানার ওসি একরামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।