ডুবে যাওয়া জাহাজ উদ্ধার নিয়ে বৈঠক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ডুবে যাওয়া চালবাহী জাহাজ এমভি হ্যাং রো বং উদ্ধারের বিষয়ে গতকাল মঙ্গলবার বন্দর কর্তৃপক্ষের সঙ্গে জাহাজ মালিকপক্ষের প্রতিনিধির বৈঠক হয়েছে।এর আগে জাহাজটি উদ্ধারের জন্য বন্দর থেকে মালিকপক্ষের কাছে চিঠি দেওয়া হয়। নিয়মানুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে মালিকপক্ষ জাহাজ উদ্ধার না করলে বন্দর কর্তৃপক্ষ জাহাজ উদ্ধারে পদক্ষেপ নেয়।জাহাজ উদ্ধারের বিষয়ে গতকাল বন্দর ভবনে আনুষ্ঠানিক বৈঠকে উপস্থিত ছিলেন বন্দরের সদস্য (হারবার ও মেরিন) ক্যাপ্টেন এম শাহজাহান, উপসংরক্ষক ক্যাপ্টেন নাজমুল আলম, হারবার মাস্টার এ কে এম জাফর উল্লাহ চৌধুরী এবং জাহাজের মালিকপক্ষের প্রতিনিধি ক্যাপ্টেন মহিউদ্দিন আবদুল কাদের। তিনি পি অ্যান্ড আই ক্লাবের প্রতিনিধি ইন্টারপোর্ট মেরিটাইম লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা।বৈঠক শেষে ক্যাপ্টেন মহিউদ্দিন আবদুল কাদের প্রথম আলোকে বলেন, ‘জাহাজটি উদ্ধারের জন্য আমরা আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করেছি। এ জন্য ডুবে যাওয়া চাল কী করা হবে তা জানতে চেয়ে গত সোমবার চালের আমদানিকারক (কনসাইনি) খাদ্য বিভাগকে চিঠি দিয়েছি। এসব প্রক্রিয়া শেষ হওয়ার পর জাহাজ উদ্ধারের কাজ শুরু হবে।’ প্রসঙ্গত, ৩ এপ্রিল রাতে বহির্নোঙরে একটি দেশীয় জাহাজের সঙ্গে সংঘর্ষের পর সরকারি আমদানির ৫০ কোটি টাকার চালবাহী জাহাজ এমভি হ্যাং রো বং ডুবে যায়।