ডুবে যাওয়া জাহাজের উদ্ধারকাজ শুরু
সুন্দরবনের অদূরে মোংলা বন্দরের হাড়বাড়িয়া এলাকায় ডুবে যাওয়া কার্গো জাহাজ এমভি শোভার উদ্ধারকাজ গতকাল বৃহস্পতিবার শুরু হয়েছে। গত রোববার একটি বিদেশি জাহাজের সঙ্গে ধাক্কা লেগে ৮৫০ টন সিমেন্ট তৈরির কাঁচামালবোঝাই কার্গো জাহাজটি ডুবে গিয়েছিল।
মোংলা বন্দরের হারবার বিভাগ সূত্রে জানা যায়, গতকাল দুপুরে মেসার্স খানজাহান আলী স্যালভেজ এন্টারপ্রাইজের ১৮ সদস্যের একটি ডুবুরি দল ডুবন্ত জাহাজটি উত্তোলনে কাজ শুরু করেছে। তারা জাহাজের ভেতরে থাকা স্লাগ-বাল্ক (সিমেন্ট তৈরির কাজে ব্যবহৃত ঢালাই পণ্য) বের করে পাশের অন্য নৌযানে রাখছে। উদ্ধারকারী প্রতিষ্ঠান মেসার্স খানজাহান আলী স্যালভেজ এন্টারপ্রাইজের মালিক আবুল কালাম বলেন, ‘আজ (গতকাল) দুপুর থেকে কাজ শুরু করেছি। প্রথমে জাহাজের ভেতরের মালামাল অপসারণ করা হচ্ছে। জাহাজটি উত্তোলনের জন্য চট্টগ্রাম থেকে দুটি বার্জ ও ক্রেন ভাড়া করা হয়েছে। এগুলো এখানে পৌঁছাতে আরও চার-পাঁচ দিন সময় লাগবে। ১০-১২ দিনের মধ্যে আমরা জাহাজটি উদ্ধার করতে পারব।’ পশুর নদের হাড়বাড়িয়ার ৪ নম্বর নোঙর এলাকায় বিদেশি জাহাজের সঙ্গে ধাক্কায় কার্গো জাহাজটির তলা ফেটে ডুবে যায়।