ডুবে যাওয়া তিন নৌকা ও এক জেলে এখনো নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার চরফ্যাশনে ডুবে যাওয়া ছয়টি মাছ ধরার নৌকার মধ্যে তিনটি নৌকা ও একজন জেলে এখনো উদ্ধার হননি। গত রোব ও সোমবার উপজেলার ঢালচরের সামনে সাগর মোহনায় বিভিন্ন ডুবোচরে ধাক্কা খেয়ে এবং ঢেউয়ের তোড়ে ইঞ্জিনের নৌকাগুলো ডুবে যায়। সে সময় ১২ জন মাঝির নিখোঁজ থাকার কথা শোনা গেলেও গত সোমবার রাতে তিনটি নৌকা ও ১১ জন জেলে উদ্ধার হয়েছে। এসব ট্রলারের মালিক ঢালচর ও চর মনুরা মৎস্য অবতরণ কেন্দ্রের। উদ্ধার পাওয়া জেলে আবুল কাশেম, লোকমান, মো. হামজা ও মালিকপক্ষ জানায়, গত রোববার সন্ধ্যা থেকে সোমবার বিকেল পর্যন্ত ঢালচর মাছঘাটের সলেমান মাঝি, আবদুস সালাম মাঝি, আবদুস সাত্তার মাঝি ও রফিকুল ইসলাম মাঝির চারটি এবং চর মনুরা মাছঘাটের আবুল বশার মাঝি ও আবদুল ওহাব মাঝির দুটি মাছ ধরা ইঞ্জিনের নৌকা ঢালচরের নিচে সাগর মোহনায় ডুবে যায়। ঢালচর মৎস্য অবতরণ কেন্দ্রের সভাপতি আবদুস সালাম বলেন, ছয়টির মধ্যে তিনটি নৌকা উদ্ধার হলেও নৌকার ইঞ্জিন ও মালামাল কিছুই উদ্ধার করা সম্ভব হয়নি। সলেমান মাঝির নৌকার একজন জেলেও নিখোঁজ আছেন।