ডুবে যাওয়া নৌকা উদ্ধার না করেই উদ্ধারকাজ সমাপ্ত
ডুবে যাওয়া নৌকা উদ্ধার না করেই যমুনা নদীতে উদ্ধার কাজ সমাপ্ত ঘোষণা করা হয়েছে। বিকেল চারটার দিকে এ সমাপ্তি ঘোষণা করা হয়। গতকাল শুক্রবার রাত সাড়ে আটটার দিকে জামালপুরের সরিষাবাড়ীতে ভুট্টাবোঝাই নৌকার ধাক্কায় গরু বোঝাই একটি নৌকা ডুবে যায়। নৌকার ২৬ জন গরু ব্যবসায়ীও ছিলেন। প্রায় ১৪ ঘণ্টা পর আজ শনিবার সকাল ১০টার দিকে ডুবে যাওয়া নৌকা ও যাত্রীদের উদ্ধারে কাজ শুরু হয়।
শেষ পর্যন্ত নদীতে ছয়টি গরু মৃত অবস্থায় ভেসে উঠেছে। তবে কোনো যাত্রীর সন্ধান পাওয়া যায়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফ্লোরা বিলকিস জাহান বলেন, নৌকার মধ্যে কোনো মরদেহ না থাকায় ডুবুরি দলের সঙ্গে কথা বলে যৌথভাবে উদ্ধার কাজ সমাপ্ত করা হয়েছে।
ফায়ার সার্ভিস জামালপুরের সহকারী পরিচালক রুহুল কুদ্দুস জানান, ময়মনসিংহ, জামালপুর ও সরিষাবাড়ী ফায়ার সার্ভিসের ডুবুরিরা উদ্ধার কাজ পরিচালনা করেন।
নৌকাডুবির পর গতকাল রাতে সাঁতরে তীরে উঠে আসেন গরু ব্যবসায়ী শাহজাহান মিয়া। তিনি বলেন, শ্যালো ইঞ্জিনচালিত নৌকায় ২৬ জন গরু ব্যবসায়ী ও ২৬টি গরু ছিল। বিপরীত দিক থেকে আসা ভুট্টাবোঝাই আরেকটি শ্যালো ইঞ্জিনচালিত নৌকার সঙ্গে ধাক্কা লেগে গরু বোঝাই নৌকাটি ডুবে যায়।
সরিষাবাড়ীর পিংনা গোপালগঞ্জ গরুর হাট কমিটি সূত্রে জানা গেছে, গতকাল রাত সাড়ে আটটার দিকে উপজেলার পিংনা ঘাট থেকে নৌকায় ২৬টি গরু নিয়ে গরু ব্যবসায়ীরা টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলার গাবসাড়া এলাকার দিকে রওনা হন। কিছু দূর যাওয়ার পর বিপরীত দিক থেকে আসা ভুট্টাবোঝাই একটি নৌকার সঙ্গে ধাক্কা লেগে গরু বোঝাই নৌকাটি ডুবে যায়।
এদিকে ভুট্টার মালিক সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার নটোয়ার পাড়ের শফিকুল ইসলাম জানান, গরু বোঝাই নৌকাটি ডুবে যাওয়ার পর কয়েকজন ব্যবসায়ী ভুট্টার নৌকায় উঠে বসেন। এরপর তাঁরা নৌকাটি টাঙ্গাইলের ভুয়াপুর রোলিপাড়া ঘাটে নিয়ে গেছেন বলে তিনি ট্রলারমালিক সূত্রে নিশ্চিত হয়েছেন বলে দাবি করেন। ওই নৌকায় ৯০০ মণ ভুট্টা রয়েছে।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (পরিদর্শক তদন্ত-চলতি দায়িত্ব) তাওহীদুর রহমান বলেন, নৌকা ডুবে যাওয়ার স্থান তীরের কাছাকাছি। তাই ধারণা করা হচ্ছে নৌকা ডুবে যাওয়ার পর অনেকেই হয়তো সাঁতরে তীরে উঠেছেন।
আরও পড়ুন: