ডুবে যাওয়া নৌকা থেকে পাঁচজনকে উদ্ধার করল কোস্টগার্ড
চট্টগ্রাম বন্দরের জলসীমার অদূরে বঙ্গোপসাগরে পণ্য পরিবহনকারী একটি দেশীয় নৌকা ডুবে যাওয়ার সময় পাঁচজন মাঝি-মাল্লাকে উদ্ধার করেছে কোস্টগার্ড। গতকাল রোববার সকাল ১০টা ৪০ মিনিটে তাঁদের উদ্ধার করা হয় বলে কোস্টগার্ড জানায়।
উদ্ধার করা পাঁচজন হলেন মো. নুরুজ্জামান, মো. আকতার, মো. বাবুল, মো. সিরাজ ও মো. খলিল। তাঁরা ভোলা জেলার মনপুরা ইউনিয়নের রহমানপুর গ্রামের বাসিন্দা।
কোস্টগার্ড জানায়, ভোলা থেকে পণ্য পরিবহনকারী একটি দেশীয় নৌকা চট্টগ্রামের কর্ণফুলী নদীর দিকে আসার সময় দুর্ঘটনায় পড়ে। সাগর উত্তাল থাকায় প্রচণ্ড ঢেউয়ে তলা ফেটে নৌকাটি ডুবে যেতে থাকে। এ সময় কাছাকাছি থাকা একটি লাইটার জাহাজ বেতার বার্তায় খবরটি কোস্টগার্ডকে জানায়। এরপর কোস্টগার্ডের সদস্যরা তাঁদের উদ্ধার করেন।
উদ্ধার অভিযান পরিচালনাকারী জাহাজের অধিনায়ক লে. কমান্ডার ফরহাদ সরকার প্রথম আলোকে বলেন, ‘বেতার বার্তায় খবর পেয়ে আধা ঘণ্টায় ঘটনাস্থলে পৌঁছে দেখি নৌকাটি প্রায় ডুবে যাচ্ছিল। এ সময় পাঁচজন পানিতে ভাসছিল। তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।’