ডুবে যাওয়া লঞ্চটি উদ্ধারে রুস্তম যাচ্ছে
পটুয়াখালীর লোহালিয়া নদীতে ডুবে যাওয়া এমভি শাথিল-১ লঞ্চটি উদ্ধারে বরিশাল থেকে উদ্ধারকারী জাহাজ রুস্তম আজ মঙ্গলবার দুপুরে পটুয়াখালী পৌঁছাবে। গতকাল সোমবার সন্ধ্যায় লঞ্চটি ডুবে যায়।
এদিকে উদ্ধারকাজ তদারক করতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যানের নির্দেশে তিন সদস্যের একটি প্রতিনিধিদল সকালে পটুয়াখালী পৌঁছেছে। প্রতিনিধিদলের সদস্যরা হলেন বরিশাল নদীবন্দরের যুগ্ম পরিচালক মো. শহিদুল্লাহ, যুগ্ম পরিচালক (নৌ-নিরাপত্তা) মো. আবুল বাশার ও যুগ্ম পরিচালক (নৌ-সংরক্ষণ) মো. আশরাফ হোসেন।
মো. শহিদুল্লাহ জানান, দুপুরের দিকে উদ্ধারকারী জাহাজ রুস্তম ঘটনাস্থলে পৌঁছানোর পর উদ্ধারকাজ শুরু হবে।
গতকাল সন্ধ্যায় লোহালিয়ার মাঝ নদীতে ঢাকাগামী আঁচল-৫ নামের একটি দোতলা লঞ্চে মাছ তুলে দেওয়ার সময় শাথিল-১ লঞ্চটি কাত হয়ে অর্ধেকটা ডুবে যায়। এ ঘটনায় নিখোঁজ বা হতাহতের কোনো খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি।