ডুবে যাওয়া সারবাহী কার্গোর উদ্ধারকাজ আট দিন পর শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দরবনের ভোলা নদীর মরা ভোলার চরে তলা ফেটে ডুবে যাওয়া সারবাহী কার্গো এমভি জাভালে নূরের উদ্ধারকাজ আট দিন পর শুরু করেছে মালিকপক্ষ। গত মঙ্গলবার সন্ধ্যায় একটি ভাড়া করা উদ্ধারযান দিয়ে এ উদ্ধারকাজ শুরু করে তারা।
ইতিমধ্যে, কার্গোটি থেকে পটাশিয়াম সার তোলার কাজ স্থানীয় শ্রমিকদের নিয়ে শেষ করেছে বন বিভাগ। আট দিনে তারা প্রায় সাত মেট্রিক টন সার অপসারণ করতে সক্ষম হয়।
সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) কামাল উদ্দিন আহমেদ গতকাল বুধবার সকালে বলেন, কার্গোটি সরিয়ে নিতে দুটি টাগ বোট সেখানে পৌঁছেছে। তলা ফেটে যাওয়া কার্গোর মেরামতকাজ শুরু হয়েছে। এই কাজ শেষ হলেই এটিকে চালিয়ে নেবে বোট দুটি। যদি সম্ভব না হয় তাহলে আরও দুটি বড় কার্গো এনে চরে ডুবে থাকা কার্গোটি সরিয়ে নেওয়ার ব্যবস্থা করবে মালিকপক্ষ। এতে সাত থেকে ১০ দিন লাগবে বলে মালিকপক্ষ তাঁদের জানিয়েছে।
এমভি জাভালে নূর মংলা বন্দর থেকে সার নিয়ে সুন্দরবনের মধ্যে দিয়ে সিরাজগঞ্জের বাঘাবাড়ি যাচ্ছিল। ৩ মে কার্গোটি সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের ভোলা নদীর মরাভোলার চরে আটকা পড়ে। এর দুদিন পর ৫ মে কার্গোটি উদ্ধার করার সময় তলা ফেটে সেটি ডুবে যায়।