
দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে গতকাল বুধবার সকাল সাড়ে নয়টার দিকে ২৪টি যানবাহন নিয়ে রো রো ফেরি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ডুবোচরে আটকা পড়ে। প্রায় আড়াই ঘণ্টা চেষ্টার পর দুপুর ১২টার দিকে ফেরিটিকে উদ্ধার করে উদ্ধারকারী জাহাজ। এ সময় উভয় ঘাটে বেশ অনেক যানবাহন আটকা পড়ে।

বিআইডব্লিউটিসি সূত্রে জানা গেছে, ঈদের প্রস্তুতি হিসেবে বিআইডব্লিউটিসি দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ছোট-বড় ১৮টি ফেরি বরাদ্দ রাখলেও গতকাল দুপুর পর্যন্ত ছোট-বড় ১৪টি ফেরি চলেছে। নদীতে তীব্র স্রোত এবং অতিরিক্ত সময় ব্যয় হওয়ায় ফেরি চলাচল আগের মতোই ব্যাহত হচ্ছে।
ঢাকাগামী ট্রাকের চালক বাদশা মিয়া গতকাল দুপুরে বলেন, ‘মঙ্গলবার রাত ১০টা থেকে সিরিয়ালে আটকা পড়ে আছি। অথচ আমাদের পাশ দিয়ে অন্যান্য গাড়ি হরহামেশাই চলে যাচ্ছে।’
ফেরিঘাট থেকে তেলের পাম্প পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার লম্বা যানবাহনের সারি দেখা গেছে।