ডুবোচরে লঞ্চ-ফেরি আটকা
মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে শতাধিক যাত্রী নিয়ে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটের উদ্দেশে ছেড়ে আসা একটি লঞ্চ গতকাল মঙ্গলবার সন্ধ্যার দিকে ডুবোচরে আটকা পড়ে। রাত সোয়া আটটার দিকে লঞ্চটি উদ্ধার হয়।
লঞ্চে থাকা যাত্রী গোয়ালন্দের উজানচর ইউনিয়ন পরিষদের সদস্য এজাজ আহম্মেদ মুঠোফোনে জানান, তিনিসহ শতাধিক যাত্রী নিয়ে সন্ধ্যা সাতটার দিকে পাটুরিয়া থেকে ছেড়ে যায় লঞ্চ এমভি আরাফাত। লঞ্চটি প্রায় ২৫ মিনিট পর দৌলতদিয়া ফেরিঘাটের কাছে আসামাত্র চ্যানেলে প্রবেশের আগেই লঞ্চটি ডুবোচরে ধাক্কা খায়। লঞ্চের মাস্টার দৌলতদিয়া দিকের আসার চেষ্টা করতে গিয়ে কয়েকবার ঘুরপাক খায়। অবশেষে রাত সোয়া আটটার দিকে লঞ্চটি উদ্ধার হয়।
লঞ্চের মাস্টার আনোয়ার হোসেন জানান, পদ্মায় পানি বৃদ্ধি পাওয়ার কারণে দৌলতদিয়া ফেরিঘাটে পৌঁছানোর আগে চ্যানেলের দুই পাশে থাকা বালুর চর তলিয়ে যাওয়ায় ওই চরের সঙ্গে লঞ্চটি আটকে যায়। নিজেই প্রায় পৌনে এক ঘণ্টা চেষ্টার পর রাত সোয়া আটটার দিকে উদ্ধার হয়।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক শফিকুল ইসলাম জানান, পদ্মা নদীতে দ্রুত পানি বাড়ায় বালুর চর তলিয়ে যাওয়ায় মাঝেমধ্যে লঞ্চ ও ফেরি চলতে সমস্যা হচ্ছে।